যাত্রীবেশে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত, অটোভ্যান ছিনতাই

রংপুরের পীরগঞ্জে এক অটো ভ্যানচালককে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একটি ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বালুয়াহাট সংলগ্ন রোজবাহাপুর গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত ভ্যানচালক রাশেদ (১৮) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নিজপাড়া গ্রামের বাসিন্দা বুলু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় যাত্রী পরিচয়ে তিন যুবক রাশেদের অটোভ্যানটি ভাড়া করে ধাপেরহাট থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে ভ্যানটি রায়পুর ইউনিয়নের ওই নির্জন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী রাশেদকে ধরে গলা কেটে হত্যার উদ্দেশ্যে মাটিতে ফেলে দেন। এ সময় রাশেদ বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করলে তার দুই হাত গভীরভাবে জখম হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। এ সময় রাশেদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ছিনতাইকারীরা অটোভ্যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্

যাত্রীবেশে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত, অটোভ্যান ছিনতাই

রংপুরের পীরগঞ্জে এক অটো ভ্যানচালককে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একটি ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বালুয়াহাট সংলগ্ন রোজবাহাপুর গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত ভ্যানচালক রাশেদ (১৮) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নিজপাড়া গ্রামের বাসিন্দা বুলু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় যাত্রী পরিচয়ে তিন যুবক রাশেদের অটোভ্যানটি ভাড়া করে ধাপেরহাট থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে ভ্যানটি রায়পুর ইউনিয়নের ওই নির্জন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী রাশেদকে ধরে গলা কেটে হত্যার উদ্দেশ্যে মাটিতে ফেলে দেন। এ সময় রাশেদ বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করলে তার দুই হাত গভীরভাবে জখম হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। এ সময় রাশেদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ছিনতাইকারীরা অটোভ্যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত রাশেদকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধারসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow