ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে নিউজিল্যান্ড। এই সিরিজের আগে দলটি স্কোয়াডে এনেছে পরিবর্তন।
টি-টোয়েন্টি সিরিজের শুরুতে দলের সাথে থাকবেন মোহাম্মদ আব্বাস। নিউজিল্যান্ড ‘এ’ দলের শ্রীলঙ্কার সফরে হাতের চোটে পড়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। এই চোটের কারণে নিউজিল্যান্ড ‘এ’ দল ও বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে থেকে ছিটকে গেছেন ক্লার্ক।
পাকিস্তান সুপার লিগে মাঝপথে দল পাওয়ায় ওয়ানডে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল বেন সিয়ার্সকে। তবে টি-টোয়েন্টি সিরিজে পিএসএলের দায়িত্ব শেষ করে দলের সাথে যোগ দিচ্ছেন তিনি। চোট সতর্কতার অংশ হিসেবে তৃতীয় ওয়ানডের একাদশে ছিলেন না পেসার ব্লেয়ার টিকনার। টি-টোয়েন্টি দলের সাথে থাকছেন তিনিও।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। আগামী ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ২ মে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ২টায়।
টি-টোয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড স্কোয়াড :
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, নিক কেলি, টিম রবিনসন, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, জেডন লেনক্স, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।