সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের
সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম আরও সহজ ও নির্বিঘ্ন করতে আগ্রাবাদস্থ সিএন্ডএফ কার্যালয়ে একটি অস্থায়ী সেবা বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই অনুরোধ জানালে মেয়র তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন। সাক্ষাৎকালে সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়রকে অনুরোধ জানিয়ে বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক সিএন্ডএফ এজেন্টের ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে নানাবিধ প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতায় সময়ক্ষেপণ ও ভোগান্তি হয়। যদি আগ্রাবাদস্থ সিএন্ডএফ ভবনেই চসিকের একটি অস্থায়ী বুথ স্থাপন করা যায়, তবে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে এই সেবা দেওয়া সম্ভব হবে। ব্যবসায়ীদের এই অনুরোধে সাড়া দিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারকে সচল ও প্রাণবন্ত রাখার পেছনে মূল কারিগর হলেন সিএন্ডএফ এজেন্টরা। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি এই ব্যবসায়ী সমাজকে কোনো ধরনের
সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম আরও সহজ ও নির্বিঘ্ন করতে আগ্রাবাদস্থ সিএন্ডএফ কার্যালয়ে একটি অস্থায়ী সেবা বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই অনুরোধ জানালে মেয়র তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন।
সাক্ষাৎকালে সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়রকে অনুরোধ জানিয়ে বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক সিএন্ডএফ এজেন্টের ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে নানাবিধ প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতায় সময়ক্ষেপণ ও ভোগান্তি হয়। যদি আগ্রাবাদস্থ সিএন্ডএফ ভবনেই চসিকের একটি অস্থায়ী বুথ স্থাপন করা যায়, তবে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে এই সেবা দেওয়া সম্ভব হবে।
ব্যবসায়ীদের এই অনুরোধে সাড়া দিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারকে সচল ও প্রাণবন্ত রাখার পেছনে মূল কারিগর হলেন সিএন্ডএফ এজেন্টরা। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি এই ব্যবসায়ী সমাজকে কোনো ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় ভোগান্তিতে ফেলা যাবে না।
মেয়র আরও বলেন, স্মার্ট ও ব্যাবসাবান্ধব চট্টগ্রাম বিনির্মাণে চসিক সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। আমরা ওয়ান স্টপ সার্ভিসের মতো সেবা নিশ্চিত করতে চাই, যাতে ব্যবসায়ীদের মূল্যবান সময় নষ্ট না হয় এবং তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন। সিএন্ডএফ কার্যালয়ে এই অস্থায়ী বুথ স্থাপন আমাদের সেই আধুনিক ও ওয়ান স্টপ সেবারই একটি অংশ।
সাক্ষাৎকালে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সারোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম, সহকারী কাস্টম বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম ও নির্বাহী সদস্য মোহাম্মদ সালাউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?