সীমান্তের গল্পে নতুন জুটি, বঙ্গ-তে আসছে ‘তাজমহল’

আসন্ন ঈদুল আজহার বিশেষ আকর্ষণ হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে অরজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ফিল্মটি। আর এই বিশেষ গল্পের হাত ধরেই প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন বাংলাদেশের সম্ভাবনাময় অভিনেতা ফাইজুল ইয়ামিন এবং কলকাতার পরিচিত মুখ সৃজা দত্ত। ‘তাজমহল’ ওয়েব ফিল্মটির মাধ্যমে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার পা রাখছেন সৃজা দত্ত। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমা দিয়ে বড়পর্দায় নজরকাড়া অভিষেকের পর সৃজিত মুখার্জির ‘টেক্কা’ এবং হইচই-এর ‘নিশির ডাক’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। এবার ‘তাজমহল’-এর একটি চমৎকার চরিত্রে নিজের অভিনয়ের দ্যুতি ছড়াতে পুরোপুরি প্রস্তুত এই অভিনেত্রী। সৃজার বিপরীতে এই ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে বাংলাদেশের ওটিটি ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনকে। পরিচালক রায়হান রাফীর আলোচিত ‘প্রেশার কুকার’ সিনেমায় ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এ ছাড়া নাটক ‘পেজ টার্নার’ এবং রোমান্টিক ঘরানার ‘নীলাঞ্জনা এক্সপ্রে

সীমান্তের গল্পে নতুন জুটি, বঙ্গ-তে আসছে ‘তাজমহল’

আসন্ন ঈদুল আজহার বিশেষ আকর্ষণ হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে অরজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ফিল্মটি। আর এই বিশেষ গল্পের হাত ধরেই প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন বাংলাদেশের সম্ভাবনাময় অভিনেতা ফাইজুল ইয়ামিন এবং কলকাতার পরিচিত মুখ সৃজা দত্ত।

‘তাজমহল’ ওয়েব ফিল্মটির মাধ্যমে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার পা রাখছেন সৃজা দত্ত। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমা দিয়ে বড়পর্দায় নজরকাড়া অভিষেকের পর সৃজিত মুখার্জির ‘টেক্কা’ এবং হইচই-এর ‘নিশির ডাক’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। এবার ‘তাজমহল’-এর একটি চমৎকার চরিত্রে নিজের অভিনয়ের দ্যুতি ছড়াতে পুরোপুরি প্রস্তুত এই অভিনেত্রী।

সৃজার বিপরীতে এই ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে বাংলাদেশের ওটিটি ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনকে। পরিচালক রায়হান রাফীর আলোচিত ‘প্রেশার কুকার’ সিনেমায় ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এ ছাড়া নাটক ‘পেজ টার্নার’ এবং রোমান্টিক ঘরানার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এ সাবলীল অভিনয় করে ইতিমধ্যেই ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন ফাইজুল।

চমকপ্রদ এই কাস্টিংয়ের পাশাপাশি ‘তাজমহল’ দিয়ে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন গুণী নির্মাতা ওয়াহিদ আনাম। সমাজ ও জীবনের রুক্ষ, বাস্তবধর্মী চিত্র এবং সাধারণ মানুষের জীবনসংগ্রাম পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তোলায় বরাবরই অনন্য তিনি। তার নির্মিত ‘পাড়ি’, ‘ছিন্ন’ কিংবা আলোচিত টেলিফিল্ম ‘চক্র’ আজও দর্শকের মনে গেঁথে আছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চেনা ছন্দের বাইরে গিয়ে এবার এক ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা।

একটি মন ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প, ফাইজুল-সৃজার নতুন জুটির রসায়ন এবং ওয়াহিদ আনামের পরিণত নির্মাণশৈলী—সবকিছুর এক চমৎকার সমন্বয় দেখা যাবে ‘তাজমহল’ ফিল্মে। সার্বিক সহযোগিতায় থাকছে ‘পোলার আইস্ক্রিম’। দর্শকদের জন্য ওয়েব ফিল্মটি উন্মুক্ত হবে ঠিক ঈদুল আজহার দিন। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow