সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

নীলফামারীর ডিমলা-ডালিয়া সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ নিয়ে ‘দৈনিক কালবেলা’য় সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। পরিদর্শন শেষে ঠিকাদারকে নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহার এবং দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন তিনি। সম্প্রতি কালবেলায় ‘আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সড়কটির সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্ধারিত সময়েও কাজ শেষ না হওয়া এবং তদারকির ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।  মঙ্গলবার (৩০ জুন) তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ কর্মসূচির আওতায় রক্ষণাবেক্ষণ প্রকল্পের অধীনে ডিমলা উপজেলার বাবুরহাট জিসি-ডালিয়া আরঅ্যান্ডএইচ সড়ক ভায়া শটিবাড়ি সড়কের সংস্কারকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২ কোটি

সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

নীলফামারীর ডিমলা-ডালিয়া সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ নিয়ে ‘দৈনিক কালবেলা’য় সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। পরিদর্শন শেষে ঠিকাদারকে নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহার এবং দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

সম্প্রতি কালবেলায় ‘আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সড়কটির সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্ধারিত সময়েও কাজ শেষ না হওয়া এবং তদারকির ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। 

মঙ্গলবার (৩০ জুন) তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ কর্মসূচির আওতায় রক্ষণাবেক্ষণ প্রকল্পের অধীনে ডিমলা উপজেলার বাবুরহাট জিসি-ডালিয়া আরঅ্যান্ডএইচ সড়ক ভায়া শটিবাড়ি সড়কের সংস্কারকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৩১৫ টাকা। তবে ২ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৪৯৯ টাকা ২৫ পয়সা চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে নীলফামারী সদর উপজেলার মসজিদপাড়া এলাকার মেসার্স সিদ্দি ইঞ্জিনিয়ারিং মার্কস। কার্যাদেশ অনুযায়ী গত ১৮ জানুয়ারি ২০২৬ কাজ শুরু হয়ে ১৮ মে ২০২৬ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে এক মাসের বেশি অতিবাহিত হলেও জুন মাসের শেষ দিকেও নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে নির্মাণ শেষে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের পুরোনো ও ক্ষতিগ্রস্ত কার্পেটিং তুলে তা পুনরায় ব্যবহার করা হচ্ছে। এর ওপর নিম্নমানের খোয়া দিয়ে বেজ প্রস্তুতের কাজ চলছিল। এছাড়া সড়কের দুই পাশে রেজিংয়ের কাজে এক নম্বর ইটের পরিবর্তে ভাঙা ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 

স্থানীয়দের দাবি, কাজ চলাকালে এলজিইডির দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়মিত তদারকি ছিল না। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করার সুযোগ পেয়েছে।

পরিদর্শনকালে ইউএনও মো. ইমরানুজ্জামান এলজিইডির সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশ দেন।

ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, কাজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করছে। তাই সরাসরি আমার করার কিছু নেই। তবে পরিদর্শনে এসে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কাজ দেখে আমাদের কাছে খোয়াগুলো নিম্নমানের বলে মনে হয়েছে। তাই সেগুলো অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহারের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত নির্মাণকাজ শেষ করতেও বলা হয়েছে।

তিনি আরও বলেন, জুন মাস শেষ হলেও এখনো কাজ সম্পন্ন হয়নি। এতে বর্ষা ও সম্ভাব্য বন্যার সময়ে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ছে। বিশেষ করে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

পরিদর্শনকালে উপসহকারী প্রকৌশলী জিকরুল আমিন পাটোয়ারী, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার সাদ্দাম হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow