আল্লামা বুরহানুদ্দীন মারগিনানি
আল্লামা বুরহানুদ্দীন মারগিনানি মধ্যযুগের একজন বিখ্যাত ইসলামি আইনশাস্ত্রবিদ। তিনি হানাফি মাজহাবের বিখ্যাত গ্রন্থ ‘আল-হিদায়া’র লেখক হিসেবে সর্বাধিক পরিচিত। তার পূর্ণ নাম বুরহানুদ্দীন আবুল হাসান আলি ইবনে আবু বকর ইবনে আব্দুল জলিল আল-ফারগানি আল-মারগিনানি। তিনি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের বিখ্যাত ফারগানা ভ্যালির মারগিনান শহরে ৫১১ হিজরি অনুযায়ী ১১১৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ফারগানার মারগিনানের দিকে লক্ষ্য করেই তাকে ‘আল-মারগিনানি’ বলা হয়। ওই সময় উজবেকিস্তানের বুখারা, সমরকন্দ, মারগিনান প্রভৃতি শহরগুলো ছিল ইসলামী শাসনের অধীনে এবং ইসলামী জ্ঞান-বিজ্ঞান চর্চায় মুখর। আল্লামা বুরহানুদ্দীন মারগিনানি ছোটবেলা থেকে অসাধারণ মেধা ও জ্ঞানপিপাসার পরিচয় দেন। তিনি কোরআন, হাদিস, আরবি ভাষা ও সাহিত্যসহ ইসলামী জ্ঞানশাস্ত্রের বিভিন্ন শাখায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি বিশেষভাবে ফিকহশাস্ত্রে মনোনিবেশ করেন এবং হানাফি মাজহাবের গভীর জ্ঞান লাভ করেন। তার শিক্ষাগুরুদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা নাজমুদ্দীন আবু হাফস আন-নাসাফি, যিনি তাকে ফিকহ ও উসুলের উচ্চতর শিক্ষায় দীক্ষিত করেন। আল্লামা বুরহা
আল্লামা বুরহানুদ্দীন মারগিনানি মধ্যযুগের একজন বিখ্যাত ইসলামি আইনশাস্ত্রবিদ। তিনি হানাফি মাজহাবের বিখ্যাত গ্রন্থ ‘আল-হিদায়া’র লেখক হিসেবে সর্বাধিক পরিচিত। তার পূর্ণ নাম বুরহানুদ্দীন আবুল হাসান আলি ইবনে আবু বকর ইবনে আব্দুল জলিল আল-ফারগানি আল-মারগিনানি। তিনি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের বিখ্যাত ফারগানা ভ্যালির মারগিনান শহরে ৫১১ হিজরি অনুযায়ী ১১১৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ফারগানার মারগিনানের দিকে লক্ষ্য করেই তাকে ‘আল-মারগিনানি’ বলা হয়।
ওই সময় উজবেকিস্তানের বুখারা, সমরকন্দ, মারগিনান প্রভৃতি শহরগুলো ছিল ইসলামী শাসনের অধীনে এবং ইসলামী জ্ঞান-বিজ্ঞান চর্চায় মুখর। আল্লামা বুরহানুদ্দীন মারগিনানি ছোটবেলা থেকে অসাধারণ মেধা ও জ্ঞানপিপাসার পরিচয় দেন। তিনি কোরআন, হাদিস, আরবি ভাষা ও সাহিত্যসহ ইসলামী জ্ঞানশাস্ত্রের বিভিন্ন শাখায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি বিশেষভাবে ফিকহশাস্ত্রে মনোনিবেশ করেন এবং হানাফি মাজহাবের গভীর জ্ঞান লাভ করেন। তার শিক্ষাগুরুদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা নাজমুদ্দীন আবু হাফস আন-নাসাফি, যিনি তাকে ফিকহ ও উসুলের উচ্চতর শিক্ষায় দীক্ষিত করেন।
আল্লামা বুরহানুদ্দীন মারগিনানি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, আত্মনিবেদিত এবং তীক্ষ্ণ মেধাসম্পন্ন একজন আলেম। তিনি দীর্ঘ সময় ধরে ইবাদত, গবেষণা ও অধ্যয়ন-চর্চায় নিমগ্ন থাকতেন। বলা হয়, তিনি রাতের অধিকাংশ সময় জেগে ইসলামের সাধনায় ব্যয় করতেন। তার এ কঠোর পরিশ্রম ও সাধনার ফলেই তিনি অল্প বয়সে সমকালীন আলেমদের মধ্যে বিশেষ খ্যাতি অর্জন করেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো তার রচিত বিখ্যাত গ্রন্থ ‘আল-হিদায়া’। এ গ্রন্থটি হানাফি ফিকহের একটি অনন্য সংকলন, যা মূলত তার রচিত ‘বিদায়াতুল মুবতাদি’র ব্যাখ্যাগ্রন্থ। ‘আল-হিদায়া’ শুধু ফিকহের মাসআলা উপস্থাপনেই সীমাবদ্ধ নয়; বরং এতে কোরআন-হাদিসের দলিল, যুক্তি, মতভেদ এবং তুলনামূলক বিশ্লেষণ অত্যন্ত সুচারুভাবে উপস্থাপিত হয়েছে। এ গ্রন্থটি পরবর্তীকালে মুসলিম বিশ্বের বিভিন্ন মাদ্রাসায় পাঠ্যবই হিসেবে স্বীকৃতি লাভ করে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে ফিকহশাস্ত্রের ছাত্রদের জন্য একটি অপরিহার্য রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আল্লামা বুরহাদ্দীন মারগিনানি রচিত উল্লেখযোগ্য আরও কয়েকটি গ্রন্থ হচ্ছে, ‘নাশরুল মাজহাব’, ‘মানাসিকুল হজ’, ‘কিতাব ফিল ফারায়েজ’, ‘কিতাবুত তাজনিস ওয়াল-মাজিদ’, ‘মাজমুউন নাওয়াজিল’, ‘মাজিদ ফি ফুরইল হানাফিয়্যাহ’, ‘তালিকুল জামিউস কাবির’, ‘বিদায়াতুল মুবতাদি’ (মুখতাসারুল কুদুরি ও মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানীর আল জামিউস সাগিরর ওপর ভিত্তি করে রচিত গ্রন্থ), ‘কিফায়াতুল মুনতাহি’ (তার রচিত বিদায়াতুল মুবতাদির ওপর আট খণ্ডের ভাষ্য) ইত্যাদি।
আল্লামা মারগিনানী কেবল একজন ফকিহই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সুচিন্তক, গবেষক ও শিক্ষাবিদ। তার রচনাশৈলী ছিল স্পষ্ট, সংক্ষিপ্ত এবং যুক্তিনির্ভর। তিনি জটিল ফিকহি বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে পারতেন, যা তাকে অন্যান্য আলেমের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করে। তার জীবন ছিল অত্যন্ত সাদাসিধে ও তাকওয়াপূর্ণ। তিনি দুনিয়াবি চাকচিক্য থেকে দূরে থেকে ইলম ও আমলের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন। তার চরিত্রে ছিল বিনয়, ধৈর্য এবং সত্যনিষ্ঠা। এসব গুণাবলি তাকে সমাজে একজন আদর্শ আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আল্লামা মারগিনানি বর্ণাঢ্য কর্মজীবন শেষে ৫৯৩ হিজরি অনুযায়ী ১১৯৬ খ্রিষ্টাব্দে বর্তমান উজবেকিস্তানের সমরকন্দে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। তার মৃত্যু ইসলামী জ্ঞানজগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে। তবে তার রেখে যাওয়া জ্ঞানভান্ডার আজও অগণিত শিক্ষার্থী ও আলেমদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। তার ‘আল-হিদায়া’ গ্রন্থটি তাকে অমর করে রেখেছে এবং ইসলামী জ্ঞানের ইতিহাসে তার নাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
What's Your Reaction?