বর্তমান সময়ে কেনাকাটার সংজ্ঞাই বদলে দিয়েছে ই-কমার্স। ঘরে বসে এক ক্লিকেই পছন্দের পণ্য হাতে পাওয়ার সুবিধা যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি এর আড়ালে ওৎ পেতে থাকা সাইবার অপরাধীরা প্রতিনিয়ত তৈরি করছে নতুন নতুন ঝুঁকি। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম, সবার জন্যই এখন সাইবার নিরাপত্তা একটি অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে।
অনলাইন ব্যবসায় হ্যাকারদের প্রধান লক্ষ্য থাকে দুটি বিষয় : গ্রাহকের ব্যক্তিগত তথ্য এবং আর্থিক লেনদেনের ডাটা। ফিশিং অ্যাটাক, ডাটা ব্রিচ বা পেমেন্ট গেটওয়ে হ্যাক করার মাধ্যমে সাইবার অপরাধীরা লাখ লাখ গ্রাহকের ক্রেডিট কার্ড তথ্য বা ব্যাংক ডিটেইলস হাতিয়ে নিতে পারে। এতে কেবল গ্রাহক ক্ষতিগ্রস্ত হন না, বরং একটি ই-কমার্স প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কষ্টার্জিত সুনাম ও বিশ্বাস মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়।
সাইবার সচেতনতার বিষয়ে সাইবার নিরাপত্তা ও সচেতনতা বিশ্লেষক জেনিফার আলম বলেন, ডিজিটাল অর্থনীতিতে 'ডেটা' হলো নতুন সম্পদ, আর সেই সম্পদ রক্ষার প্রধান চাবিকাঠি হলো সচেতন থাকা। একটি ই-কমার্স প্রতিষ্ঠানের সফলতা কেবল তার পণ্যের মানে নয়, বরং গ্রাহকের সংবেদনশীল তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার সক্ষমতার ওপর নির্ভর করে। মনে রাখতে হবে, একবার যদি কোনো ডাটা ব্রিচ বা তথ্য চুরির ঘটনা ঘটে, তবে সেই ব্র্যান্ড ইমেজ পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা সাইবার নিরাপত্তাকে স্রেফ একটি 'অতিরিক্ত খরচ' হিসেবে দেখেন, যা একটি মারাত্মক ভুল ধারণা। প্রকৃতপক্ষে, নিরাপত্তা হলো ব্যবসায়ের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য সবচেয়ে লাভজনক বিনিয়োগ।
তিনি আরও বলেন, আধুনিক ই-কমার্স ব্যবসায়ীদের উচিত কেবল দায়সারা 'প্রাইভেসি পলিসি' নয় যুক্ত করা নয়, বরং একটি স্বচ্ছ 'ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক' গড়ে তোলা। একইসাথে গ্রাহকদের মধ্যে 'সাইবার হাইজিন' বা ডিজিটাল পরিচ্ছন্নতা বোধ তৈরি করতে হবে, যাতে তারা বুঝতে পারেন কেন শক্তিশালী পাসওয়ার্ড বা মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন তাদের নিজের সুরক্ষার জন্যই জরুরি। ভুলে গেলে চলবে না যে ডিজিটাল বিশ্বে আপনার প্ল্যাটফর্মটি কতটা সুরক্ষিত, সেটিই এখন আপনার ব্যবসার সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক সুবিধ হিসেবে গণ্য হবে।
গ্রাহকের সচেতনতা ও গোপনীয়তা
অনলাইন কেনাকাটায় গ্রাহকের নিজেরও কিছু দায়িত্ব থাকে। যে কোনো অপরিচিত সাইটে কার্ডের তথ্য দেওয়ার আগে সেই সাইটের বৈধতা এবং রিভিউ চেক করা প্রয়োজন। জনসম্মুখে থাকা ফ্রি ওয়াই-ফাই (Public Wi-Fi) ব্যবহার করে লেনদেন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ই-কমার্স নিরাপত্তা বিষয়ে সাইবার নিরাপত্তা গবেষক রাইয়ান আ. মালিক বলেন, বর্তমান সময়ে ই-কমার্স খাতের ঝুঁকি কেবল সাধারণ হ্যাকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন অত্যন্ত জটিল ও অটোমেটিক ‘বট-নির্ভর’ আক্রমণে রূপ নিয়েছে। বিশেষ করে ‘ই-স্কিমিং’ এবং 'ক্রেডেনসিয়াল স্টাফিং' এর মতো আক্রমণগুলো ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাকাররা এখন অত্যাধুনিক এআই-চালিত বট ব্যবহার করে সেকেন্ডে হাজার হাজার ইউজারের ডাটাবেজ হ্যাক করার চেষ্টা করে এবং পেমেন্ট পেজে ম্যালিসিয়াস কোড ইনজেক্ট করে গ্রাহকের কার্ডের তথ্য সরাসরি পেয়ে যাচ্ছে।
তিনি যুক্ত করেন, আমাদের বুঝতে হবে যে গতানুগতিক ফায়ারওয়াল এখনকার মাল্টি-লেয়ারড অ্যাটাক ঠেকাতে যথেষ্ট নয়। একটি নিরাপদ ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তুলতে হলে ‘জিরো ট্রাস্ট আর্কিটেকচার’ এবং প্রতিটি লেনদেনের জন্য ‘রিয়েল-টাইম বিহেভিয়ারাল মনিটরিং’ ব্যবস্থা থাকা অপরিহার্য। পাশাপাশি ব্যবসায়ীদের উচিত এপিআই সিকিউরিটি এবং অ্যান্ড-টু-এন্ড এনক্রিপশনে সর্বোচ্চ বিনিয়োগ করা। সাইবার নিরাপত্তা কোনো এককালীন সমাধান নয়, বরং এটি একটি চলমান বিষয়, যেখানে সামান্যতম টেকনিক্যাল সমস্যার অবহেলা পুরো প্রতিষ্ঠানের ডিজিটাল অবকাঠামো এবং গ্রাহকের আস্থা ধূলিসাৎ করে দিতে পারে।
ই-কমার্স ব্যবসায় সাইবার সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিচে তুলে ধরা হলো :
SSL সার্টিফিকেট ব্যবহার: আপনার ওয়েবসাইটের ইউআরএল (URL) অবশ্যই https:// দিয়ে শুরু হতে হবে। এটি গ্রাহকের ব্রাউজার এবং আপনার সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানকে এনক্রিপ্ট করে রাখে।
নিরাপদ পেমেন্ট গেটওয়ে : লেনদেনের জন্য বিশ্বস্ত এবং অনুমোদিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করুন যারা ‘PCI DSS’ (Payment Card Industry Data Security Standard) মেনে চলে।
শক্তিশালী পাসওয়ার্ড নীতি : শুধু অ্যাডমিন প্যানেল নয়, গ্রাহকদের অ্যাকাউন্টের জন্যও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের বাধ্যবাধকতা রাখা উচিত।
নিয়মিত আপডেট : ওয়েবসাইট যে প্ল্যাটফর্মেই তৈরি হোক (যেমন : Shopify, WooCommerce বা custom-built), তার প্লাগইন এবং সিকিউরিটি প্যাচগুলো নিয়মিত আপডেট রাখা জরুরি।
প্রতিকার ও প্রতিরোধ নিয়ে সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন -
অডিট : নিয়মিতভাবে সাইটের সিকিউরিটি অডিট বা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পেনিট্রেশন টেস্টিং করা।
ডাটা লিমিটেশন : অপ্রয়োজনে গ্রাহকের সিভিপি (CVV) বা অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সার্ভারে জমা রাখবেন না।
ব্যাকআপ : ওয়েবসাইটের সব ডাটা নিয়মিত ক্লাউডে বা অফলাইন সার্ভারে ব্যাকআপ রাখুন।
বিশেষ সতর্কতা : সন্দেহজনক কোনো ট্রাফিক বা অস্বাভাবিক লগ-ইন চেষ্টা দেখলে দ্রুত ব্যবস্থা নিন।
প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি সচেতনতাই পারে একটি নিরাপদ ও সমৃদ্ধ ই-কমার্স পরিবেশ নিশ্চিত করতে।
ব্যবসায়িক সুরক্ষা নিশ্চিত করতে একটি ই-কমার্স সাইটকে নিরাপদ রাখতে প্রযুক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। শুধুমাত্র সচেতনতা এবং সতর্কতাই পারে সাইবার জগতে সবাইকে নিরাপদ রাখতে।