বাংলাদেশি পরিবারে রান্নাঘরের প্রাণকেন্দ্রই হলো চুলা। ভোরের চা থেকে শুরু করে রাতের গরম ভাত; দিনের বেশিভাগ সময়ই এই জায়গাটিকে ঘিরে ব্যস্ততা চলে। তবে যে জায়গা পরিবারের খাবার তৈরি করে, অসাবধানতায় সেটিই হয়ে উঠতে পারে দুর্ঘটনার কারণ। কারণ চুলা শুধু রান্নার স্থান নয়, এটি আগুন ও তাপের উৎস। আর আগুনের পাশে অগোছালো জিনিসপত্র মানেই ঝুঁকি।
একটি প্লাস্টিকের বোতল গলে যেতে পারে, তোয়ালে মুহূর্তেই আগুন ধরে যেতে পারে, আবার সামান্য তেল ছিটকে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। সবচেয়ে বড় কথা, এসব অভ্যাস এতটাই পরিচিত ও দৈনন্দিন যে অনেকেই এগুলোকে ঝুঁকি বলে মনে করেন না। অথচ ছোট কিছু সতর্কতাই রান্নাঘরকে অনেক বেশি নিরাপদ রাখতে পারে।
চলুন জেনে নেওয়া যাক, কোন ৭টি জিনিস কখনোই চুলার পাশে রাখা উচিত নয়।
১. ডিশ তোয়ালে ও ন্যাপকিন
রান্নাঘরে হাত মুছতে তোয়ালে বা ন্যাপকিন খুব প্রয়োজনীয়। তাই অনেকেই চুলার পাশেই ঝুলিয়ে রাখেন বা হাতের কাছে রেখে দেন। কিন্তু কাপড়জাতীয় এসব জিনিস আগুনের খুব কাছাকাছি থাকলে মুহূর্তেই বিপদ ঘটতে পারে। অসাবধানতায় কাপড়ের অংশ আগুন বা গরম পাত্রে লেগে গেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে।
২. রান্নার তেলের বোতল
তেল রান্নাঘরের অপরিহার্য উপকরণ হলেও চুলার একদম পাশে রাখা ঠিক নয়। বেশি তাপে প্লাস্টিক বোতল নরম হয়ে যেতে পারে। আবার রান্নার সময় তেল পড়ে গেলে খোলা আগুনের সংস্পর্শে তা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। তাই তেল হাতের কাছে রাখুন, তবে নিরাপদ দূরত্বে।
৩. কাগজের প্যাকেট ও বাজারের ব্যাগ
অনেক রান্নাঘরের কাউন্টারে বাজারের ব্যাগ, মসলার খালি প্যাকেট বা কাগজের মোড়ক পড়ে থাকতে দেখা যায়। কিন্তু কাগজ খুব দ্রুত আগুন ধরে। রান্নার সময় গরম কড়াই ঘোরানো বা গ্যাস জ্বালানোর মুহূর্তে সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
৪. ম্যাচ ও লাইটার
অনেকে সুবিধার জন্য ম্যাচ বা লাইটার চুলার পাশেই রেখে দেন। কিন্তু এটিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভ্যাসগুলোর একটি। বিশেষ করে বাসায় শিশু থাকলে বিপদের আশঙ্কা আরও বাড়ে। আগুন জ্বালানোর সরঞ্জাম কখনোই আগুনের একদম পাশে রাখা উচিত নয়।
৫. কাঠের খুন্তি ও কাটিং বোর্ড
কাঠের তৈরি খুন্তি, চামচ বা কাটিং বোর্ড রান্নাঘরে খুবই জনপ্রিয়। কিন্তু অতিরিক্ত তাপের কাছে রাখলে কাঠ কালচে হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, এমনকি আগুনও ধরে যেতে পারে। এছাড়া চুলার পাশে থাকলে এগুলোতে তেল-চিটচিটে ভাব জমে রান্নাঘর আরও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
৬. লবণ, চিনি ও মসলার বয়াম
প্রতিদিন ব্যবহারের কারণে অনেকেই লবণ, চিনি বা মসলার বয়াম চুলার পাশেই সাজিয়ে রাখেন। কিন্তু চুলার তাপ, বাষ্প ও তেলের ছিটায় এসব দ্রুত নষ্ট হতে শুরু করে। মসলায় দলা বাঁধে, বয়াম চিটচিটে হয়ে যায় এবং ভেতরের উপকরণের স্বাদ-গন্ধও কমে যায়।
বাংলাদেশি ও ভারতীয় রান্নাঘরে খোলা মসলার বক্স বা ঢিলেঢালা ঢাকনার বয়াম ব্যবহারের প্রবণতাও বেশি। কিন্তু এগুলো চুলার কাছাকাছি থাকলে অজান্তেই ভেতরে আর্দ্রতা ঢুকে পড়ে। ফলে হলুদ, ধনিয়া বা গরম মসলার মতো গুঁড়া মসলা দ্রুত গন্ধ হারিয়ে ফেলে এবং মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাদ নষ্ট হয়ে যায়।
এ ছাড়া একটানা তাপে প্লাস্টিকের বয়াম বেঁকে যেতে পারে, ধাতব ঢাকনায় তেল জমে আঠালো ভাব তৈরি হতে পারে। বারবার পরিষ্কার করতে গিয়ে রান্নাঘর আরও অগোছালো হয়ে ওঠে।
৭. অপ্রয়োজনীয় জিনিসপত্রের স্তূপ
চুলার আশপাশে অকারণে জিনিস জমিয়ে রাখার অভ্যাসও ঝুঁকিপূর্ণ। অপ্রয়োজনীয় বোতল, খালি কৌটা বা রান্নার সরঞ্জামের ভিড় শুধু জায়গা নষ্টই করে না, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়। রান্নাঘর যত পরিষ্কার, শুকনো ও গোছানো থাকবে, ততই নিরাপদ থাকবে পুরো পরিবার।
রান্নাঘরের সৌন্দর্য শুধু সাজসজ্জায় নয়, নিরাপত্তাতেও। বিশেষ করে যেখানে প্রতিদিন ব্যস্ততার মধ্যে রান্না হয়, সেখানে চুলার আশপাশ পরিষ্কার ও খালি রাখা খুবই জরুরি। কারণ সবচেয়ে নিরাপদ রান্নাঘর সেটিই, যেখানে প্রতিটি জিনিস তার সঠিক জায়গায় থাকে; আর আগুনের খুব কাছে অপ্রয়োজনীয় কিছুই থাকে না।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া