এয়ার ইন্ডিয়ার সব পাইলটের ডোপ টেস্ট বাধ্যতামূলক
ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটের গাঁজা সেবনের পরীক্ষায় পজিটিভ ফল আসার পর এবার সংস্থাটির সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুই সংস্থার পাইলটদেরই এই পরীক্ষার আওতায় আনা হচ্ছে। আজ থেকেই শুরু হচ্ছে এ পরীক্ষা। খবর এনডিটিভির। এয়ার ইন্ডিয়ার কর্মীদের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, প্রচলিত বিমান চলাচলবিধির বাইরে গিয়ে নিরাপত্তা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ডিজিসিএ) সব ধরনের নিয়মকানুন আগে থেকেই মেনে চলছে। এসব নিয়ম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান বিমান চলাচল ব্যবস্থার বিধির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সব পাইলটের পূর্ণাঙ্গ পরীক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করেছে সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ কোনো মাদক বা বিধিবহির্ভূত ওষুধ পাইলটরা ব্যবহার করছেন কি না, তা শনাক্ত করতে সব পাইলটের পূর্ণাঙ্গ স্ক্রিনিং করা হবে। গুরগাঁওয়ের এয়ার ইন্ডিয়া একাডেমিতে প্রশিক্ষণের পাশাপাশি, ফ্লাইট শেষে এয়ার ইন্ডিয়ার ব্রিফিং
ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটের গাঁজা সেবনের পরীক্ষায় পজিটিভ ফল আসার পর এবার সংস্থাটির সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুই সংস্থার পাইলটদেরই এই পরীক্ষার আওতায় আনা হচ্ছে। আজ থেকেই শুরু হচ্ছে এ পরীক্ষা। খবর এনডিটিভির।
এয়ার ইন্ডিয়ার কর্মীদের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, প্রচলিত বিমান চলাচলবিধির বাইরে গিয়ে নিরাপত্তা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ডিজিসিএ) সব ধরনের নিয়মকানুন আগে থেকেই মেনে চলছে। এসব নিয়ম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান বিমান চলাচল ব্যবস্থার বিধির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সব পাইলটের পূর্ণাঙ্গ পরীক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করেছে সংস্থাটি।
চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ কোনো মাদক বা বিধিবহির্ভূত ওষুধ পাইলটরা ব্যবহার করছেন কি না, তা শনাক্ত করতে সব পাইলটের পূর্ণাঙ্গ স্ক্রিনিং করা হবে। গুরগাঁওয়ের এয়ার ইন্ডিয়া একাডেমিতে প্রশিক্ষণের পাশাপাশি, ফ্লাইট শেষে এয়ার ইন্ডিয়ার ব্রিফিং সেন্টার ও অফিসগুলোতেও ডোপ টেস্ট করা হবে।
এয়ার ইন্ডিয়া জানায়, এ উদ্যোগের মাধ্যমে যাত্রী, অংশীদার ও সাধারণ মানুষের কাছে বিমান নিরাপত্তা ও পাইলটদের পেশাদারিত্বের বিষয়ে আস্থা আরও শক্তিশালী করতে চায় তারা।
এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি ফ্লাইটের পাইলটের ডোপ টেস্ট পজিটিভ হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে সব পাইলটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এসেছে।
গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আটজন ক্রু নিয়ে ফুকেট থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটটি। ওড়িশার আকাশসীমায় থাকা অবস্থায় হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এতে অন্তত ২০ যাত্রী ও চারজন ক্রু সদস্য আহত হন।
ঘটনার পর বিমানের প্রধান পাইলট সুদীপ বশিষ্ঠের মাদক পরীক্ষা করা হয়। গাঁজা বা মারিজুয়ানা শনাক্তের পরীক্ষায় তিনি দুবার পজিটিভ হয়েছেন।
ঘটনা তদন্তের জন্য পাওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি হঠাৎ উচ্চতা হারানোর সময় পাইলট নিজের আসনে ছিলেন না। তখন কো-পাইলট বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন। পরে পাইলট কেবিনে গিয়ে আহত যাত্রীদের খোঁজ নেন। এ সময় তিনি যাত্রীদের তাকে বা বিমানটির ভিডিও ধারণ না করতে বলেছিলেন বলে সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।
দিল্লিতে বিমান অবতরণের পর পাইলটকে অস্থির অবস্থায় দেখা যায় এবং তাকে বসতে সহায়তা করতে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি প্রস্রাবের নমুনা দেওয়ার সময়ও তদন্ত কর্মকর্তার সহায়তা নিতে হয়েছিল বলে জানা গেছে।
এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ ফ্লাইট সেফটি রিপোর্টে পাইলট জানিয়েছেন, তিনি ঘুমের সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছিলেন। ব্যক্তিগত কিছু পরিস্থিতির কারণে আগের কয়েক দিন ধরেই তার ঘুমের সমস্যা হচ্ছিল। ফ্লাইটের আগে লেওভারের সময়ও সহজে ঘুম আসছিল না। তাই ঘুমের মান ভালো করার জন্য হাঁটার মতো হালকা শারীরিক কর্মকাণ্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
পাইলট আরও অভিযোগ করেন, তার দায়িত্বের সময়সূচি আইন অনুযায়ী নির্ধারিত বিশ্রামের সীমার মধ্যে থাকলেও দিনের বেলায় বিশ্রামের সুযোগ অনেক সময় এমনভাবে কমে যাচ্ছিল, যা পর্যাপ্ত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সময়ের তুলনায় কম।
তবে এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া সব পাইলটের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির দাবি, এর মাধ্যমে বিমান নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি বা সন্দেহের সুযোগ রাখতে চায় না তারা।
সূত্র : এনডিটিভি
What's Your Reaction?