রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা মামুন মন্ডল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কারারুদ্ধ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। বুধবার (১২ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে বিকেলে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে ওঠানোর আগে উপস্থিত লোকজনের সামনে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে হাতকড়া পরা অবস্থায় পুলিশ সদস্যরা মামুন মন্ডলকে প্রিজন ভ্যানে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এ সময় তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে উপস্থিত লোকজনের উদ্দেশে কথা বলেন। মামুন মন্ডল বলেন, তিনি দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন এবং ওই দিন থেকেই আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। ভবিষ্যতে আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না বলেও জানান তিনি। একই সঙ্গে নিজেকে ইসলামিকভাবে গড়ে তুলতে চান বলে উল্লেখ করেন। বক্তব্যের শেষে তিনি সবার কাছে নিজের জন্য দোয়া চান। জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রূপায়ণ সিটি থেকে

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা মামুন মন্ডল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কারারুদ্ধ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল।

বুধবার (১২ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে বিকেলে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে ওঠানোর আগে উপস্থিত লোকজনের সামনে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে হাতকড়া পরা অবস্থায় পুলিশ সদস্যরা মামুন মন্ডলকে প্রিজন ভ্যানে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এ সময় তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে উপস্থিত লোকজনের উদ্দেশে কথা বলেন।

মামুন মন্ডল বলেন, তিনি দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন এবং ওই দিন থেকেই আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। ভবিষ্যতে আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না বলেও জানান তিনি। একই সঙ্গে নিজেকে ইসলামিকভাবে গড়ে তুলতে চান বলে উল্লেখ করেন। বক্তব্যের শেষে তিনি সবার কাছে নিজের জন্য দোয়া চান।

জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রূপায়ণ সিটি থেকে আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি গাজীপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

মামুন মন্ডল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন মামুন মন্ডল। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে তিনি ক্রীড়াবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন।

২০২২ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আলোচনায়ও তার নাম উঠে আসে। সে সময় মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃত্বে তার অবস্থান নিয়ে আলোচনা ছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তার অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তবে ছাত্ররাজনীতিতে থাকাকালে হত্যাসহ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলা নিষ্পত্তির অভিযোগও রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার সময় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রকাশ্য ঘোষণা দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার ঘোষণার ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow