খাল খনন না করেই আড়াই কোটি টাকা ফেরত, ইউএনওর কৈফিয়ত তলব
খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন না করেই সরকারি কোষাগারে প্রায় আড়াই কোটি টাকার বরাদ্দ ফেরত পাঠিয়েছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বরাদ্দের অর্থ কাজে লাগাতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ঘটনায় ইউএনওর কাছে কৈফিয়ত তলব করা হবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) থেকে ২০২৫-২৬ অর্থবছরে বরিশাল সদর উপজেলার দুটি খাল পুনঃখননের জন্য মোট ২ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৭৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নগরীর মরকখোলার পোল থেকে ঝড়ঝড়িয়াতলা বাজার হয়ে মাঝিবাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা এবং সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর পাড় (মহাবাজ) থেকে মাতাসার ব্রিজ হয়ে রায়ের খাল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়নি। চরবাড়িয়া
খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন না করেই সরকারি কোষাগারে প্রায় আড়াই কোটি টাকার বরাদ্দ ফেরত পাঠিয়েছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বরাদ্দের অর্থ কাজে লাগাতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ঘটনায় ইউএনওর কাছে কৈফিয়ত তলব করা হবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) থেকে ২০২৫-২৬ অর্থবছরে বরিশাল সদর উপজেলার দুটি খাল পুনঃখননের জন্য মোট ২ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৭৪ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এর মধ্যে নগরীর মরকখোলার পোল থেকে ঝড়ঝড়িয়াতলা বাজার হয়ে মাঝিবাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা এবং সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর পাড় (মহাবাজ) থেকে মাতাসার ব্রিজ হয়ে রায়ের খাল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়নি। চরবাড়িয়ার রায়ের খাল পুনঃখননে মাত্র ৯ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকা ব্যয়ের হিসাব দেখিয়ে অবশিষ্ট ৬৮ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা এবং মরকখোলার পোল থেকে লাকুটিয়া খাল পুনঃখননের জন্য বরাদ্দকৃত পুরো ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকাই সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
মরকখোলার পোল এলাকার বাসিন্দা সাগর বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী, পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকরা খালটি পুনঃখননের দাবিতে আন্দোলন করে আসছেন। সরকার বরাদ্দ দিলেও কাজ বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ। খালটি খনন করা হলে পানি প্রবাহ স্বাভাবিক হতো, জলাবদ্ধতা কমত এবং কৃষক, জেলে ও স্থানীয় বাসিন্দারা উপকৃত হতেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল জেলার আহ্বায়ক রফিকুল আলম বলেন, খাল বরিশালের ঐতিহ্যের অংশ। গুরুত্বপূর্ণ দুটি খাল পুনঃখননের জন্য বরাদ্দ পাওয়ার পরও তা বাস্তবায়ন না করে অর্থ ফেরত পাঠানো অত্যন্ত দুঃখজনক। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পানি প্রবাহ সচল হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়ত। তিনি এ ঘটনায় কোনো অনিয়ম বা অবহেলা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ছুটিতে থাকায় বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দের অর্থ ব্যয় করা সম্ভব না হওয়ায় তা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। তিনি জানান, দুটি খালের মধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা থাকায় সেগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ কারণেই খননকাজ বাস্তবায়ন করা যায়নি।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, খাল খনন না করেই বরাদ্দের অর্থ ফেরত পাঠানোর বিষয়টি তিনি জেনেছেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে অর্থ কোষাগারে ফেরত যাওয়াই নিয়ম। তবে কী কারণে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করা হবে।
তিনি আরও বলেন, জেল খাল, লাকুটিয়া খালসহ বরিশালের গুরুত্বপূর্ণ খালগুলো পুনঃখনন ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এ জন্য নতুন করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হবে।
What's Your Reaction?