চন্দ্রজয়ের ইতিহাস আজও জাগ্রত পারডুর বুকে

ইন্ডিয়ানার আকাশে তখন ভোরের কোমল আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রাতের নীরবতা ভেঙে সূর্যের প্রথম সোনালি আভা যখন পশ্চিম লাফায়েতের গাছপালার মাথায় এসে পড়লো; তখন পুরো পরিবেশ যেন গভীর প্রশান্ত সৌন্দর্যে ভরে উঠলো। হালকা শীতল বাতাস, পরিচ্ছন্ন রাস্তা আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক মিলিয়ে মনে হচ্ছিল, প্রকৃতি নিজেই যেন নতুন দিনের জন্য এই বিশ্ববিদ্যালয়নগরীকে প্রস্তুত করছে। সেই শান্ত সকালের আবহের মধ্য দিয়েই পৌঁছে গেলাম নীল আর্মস্ট্রংয়ের স্মৃতিবিজড়িত পারডু ক্যাম্পাসের সবচেয়ে গৌরবময় স্থাপনা নীল আর্মস্ট্রং হল অব ইঞ্জিনিয়ারিংয়ের সামনে। দূর থেকেই ভবনটির আধুনিক স্থাপত্য চোখে পড়ছিল। বিশাল কাচঘেরা নকশা, উন্মুক্ত প্রাঙ্গণ আর প্রযুক্তিনির্ভর স্থাপত্য যেন ভবিষ্যতের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে তরুণ শিক্ষার্থীদের ব্যস্ত চলাফেরা, কারো হাতে গবেষণার নথি, কেউ আবার দ্রুত পায়ে ল্যাবরেটরির দিকে এগিয়ে যাচ্ছে। পুরো পরিবেশে একধরনের মনোযোগী প্রাণচাঞ্চল্য অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল, এ ভবনের প্রতিটি দেওয়াল যেন মানুষের সীমা অতিক্রম করার গল্প বলে যাচ্ছে। ভবনের সামনে দাঁড়িয়ে থাকা নীল আর্মস্ট্রংয়ের ভাস্কর্য

চন্দ্রজয়ের ইতিহাস আজও জাগ্রত পারডুর বুকে

ইন্ডিয়ানার আকাশে তখন ভোরের কোমল আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রাতের নীরবতা ভেঙে সূর্যের প্রথম সোনালি আভা যখন পশ্চিম লাফায়েতের গাছপালার মাথায় এসে পড়লো; তখন পুরো পরিবেশ যেন গভীর প্রশান্ত সৌন্দর্যে ভরে উঠলো। হালকা শীতল বাতাস, পরিচ্ছন্ন রাস্তা আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক মিলিয়ে মনে হচ্ছিল, প্রকৃতি নিজেই যেন নতুন দিনের জন্য এই বিশ্ববিদ্যালয়নগরীকে প্রস্তুত করছে। সেই শান্ত সকালের আবহের মধ্য দিয়েই পৌঁছে গেলাম নীল আর্মস্ট্রংয়ের স্মৃতিবিজড়িত পারডু ক্যাম্পাসের সবচেয়ে গৌরবময় স্থাপনা নীল আর্মস্ট্রং হল অব ইঞ্জিনিয়ারিংয়ের সামনে। দূর থেকেই ভবনটির আধুনিক স্থাপত্য চোখে পড়ছিল। বিশাল কাচঘেরা নকশা, উন্মুক্ত প্রাঙ্গণ আর প্রযুক্তিনির্ভর স্থাপত্য যেন ভবিষ্যতের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে তরুণ শিক্ষার্থীদের ব্যস্ত চলাফেরা, কারো হাতে গবেষণার নথি, কেউ আবার দ্রুত পায়ে ল্যাবরেটরির দিকে এগিয়ে যাচ্ছে। পুরো পরিবেশে একধরনের মনোযোগী প্রাণচাঞ্চল্য অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল, এ ভবনের প্রতিটি দেওয়াল যেন মানুষের সীমা অতিক্রম করার গল্প বলে যাচ্ছে।

ভবনের সামনে দাঁড়িয়ে থাকা নীল আর্মস্ট্রংয়ের ভাস্কর্য মুহূর্তেই দৃষ্টি কেড়ে নিলো। পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পদচিহ্ন রাখা এই কিংবদন্তি নভোচারীর মুখাবয়বে যেন আজও সেই অদম্য সাহস আর স্থির আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়। কিছুক্ষণ মূর্তিটির সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিলো, মানবসভ্যতার সবচেয়ে বিস্ময়কর স্বপ্নগুলোর একটি যেন এই মানুষটির হাত ধরেই বাস্তবে রূপ নিয়েছিল।

নীল আর্মস্ট্রংয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি জড়িয়ে আছে এই পারডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। ছোটবেলা থেকেই তার আকাশের প্রতি ছিল গভীর আকর্ষণ। মাত্র ষোলো বছর বয়সেই তিনি পাইলট লাইসেন্স অর্জন করেন। এরপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বৃত্তি নিয়ে ১৯৪৭ সালে পারডু বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেই সময়ের তরুণ আর্মস্ট্রং ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের, মনোযোগী এবং অধ্যবসায়ী একজন শিক্ষার্থী। সহপাঠীদের স্মৃতিচারণে উঠে আসে, তিনি খুব কম কথা বলতেন কিন্তু পড়াশোনা আর প্রযুক্তিগত গবেষণায় ছিলেন অসাধারণ নিবেদিত।

neil

পারডু ক্যাম্পাসের গবেষণাগার, শ্রেণিকক্ষ আর উড্ডয়ন প্রশিক্ষণ কেন্দ্রগুলোই ধীরে ধীরে তার স্বপ্নকে বাস্তবতার দিকে এগিয়ে নিয়ে যায়। এখানেই তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও উড্ডয়ন বিষয়ে নিজের চিন্তাশক্তিকে শাণিত করেন। কোরিয়ান যুদ্ধে যোগ দেওয়ার কারণে মাঝপথে পড়াশোনা বন্ধ রাখতে হলেও পরে আবার ফিরে এসে ১৯৫৫ সালে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। সেই তরুণ ছাত্রটি যে একদিন চাঁদের বুকে প্রথম পদচিহ্ন আঁকবেন; তখন হয়তো কেউই তা কল্পনা করতে পারেননি।

১৯৬৯ সালের ২০ জুলাই মানবসভ্যতার ইতিহাসে সৃষ্টি হয় অবিস্মরণীয় মুহূর্ত। অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে অবতরণ করেন। পৃথিবীর কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য প্রত্যক্ষ করেছিল। তার সেই ঐতিহাসিক উক্তি আজও মানবজাতির অনুপ্রেরণার অংশ হয়ে আছে। চাঁদের বুকে দাঁড়িয়ে তিনি যেন শুধু একজন আমেরিকানের প্রতিনিধিত্ব করেননি বরং পুরো মানবসভ্যতার জ্ঞান, সাহস ও কৌতূহলের প্রতিনিধিত্ব করেছিলেন।

পারডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নীল আর্মস্ট্রংয়ের সম্পর্ক চাঁদ জয়ের পরও গভীরভাবে অটুট ছিল। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। পরে ২০০৭ সালে পারডু কর্তৃপক্ষ তার এবং পারডুর অন্যান্য মহাকাশচারীদের সম্মানে আইকনিক ভবনটি উৎসর্গ করে। নীল আর্মস্ট্রং হল অব ইঞ্জিনিয়ারিং আজ শুধু একটি প্রকৌশল ভবন নয় বরং মানব মেধা ও মহাকাশ জয়ের প্রতীক।

moon

ভবনের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়লো আধুনিক গবেষণাগার, প্রযুক্তিনির্ভর ল্যাব এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ড। কোথাও রোবটিক্স নিয়ে কাজ চলছে, কোথাও আবার বিমান প্রযুক্তি কিংবা মহাকাশ গবেষণার জটিল বিশ্লেষণ চলছে গভীর মনোযোগে। পুরো পরিবেশে এমন মনোযোগী ও গবেষণামুখী আবহ অনুভূত হচ্ছিল, যা সহজেই বুঝিয়ে দেয় কেন পারডু বিশ্বমানের প্রকৌশল শিক্ষা এবং উদ্ভাবনী গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত।

সবচেয়ে আবেগঘন অনুভূতি জন্ম নিলো যখন চাঁদ থেকে আনা চন্দ্রকণিকার প্রদর্শনীটির সামনে দাঁড়ালাম। ক্ষুদ্র সেই চন্দ্রখণ্ডটি কাচের বিশেষ সংরক্ষণ ব্যবস্থার ভেতরে রাখা থাকলেও তার ঐতিহাসিক গুরুত্ব যেন পুরো পরিবেশকে অন্যরকম গভীর আবেগে ভরে তুলেছিল। কোটি কোটি মাইল দূরের সেই চাঁদের মাটি একদিন নীল আর্মস্ট্রং নিজের চোখে দেখেছিলেন, স্পর্শ করেছিলেন। আজ তারই ক্ষুদ্র অংশ পারডুর বুকে সংরক্ষিত রয়েছে মানব ইতিহাসের গৌরবময় স্মারক হিসেবে। মুহূর্তটিতে মনে হচ্ছিলো, এটি শুধু একটি পাথর নয় বরং মানুষের সীমাহীন কৌতূহল, বিজ্ঞানচর্চা, মহাকাশ বিজয় এবং অসম্ভবকে সম্ভব করার অদম্য সাহসের জীবন্ত প্রতীক।

পারডু বিশ্ববিদ্যালয়কে অনেকেই ‘মহাকাশচারীদের আঁতুড়ঘর’ নামে অভিহিত করেন। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে বহু নভোচারী উঠে এসেছেন। কিন্তু তাদের সবার মধ্যে নীল আর্মস্ট্রংয়ের নামই সবচেয়ে উজ্জ্বল। তার স্মৃতি আজও এই ক্যাম্পাসের প্রতিটি পথ, প্রতিটি দেওয়াল এবং প্রতিটি স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে। ভবনের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিলো, এখানকার তরুণ শিক্ষার্থীদের চোখেও হয়তো নতুন কোনো মহাকাশ অভিযানের স্বপ্ন জেগে উঠছে। একসময় ভবনের উন্মুক্ত করিডরে দাঁড়িয়ে বাইরের আকাশের দিকে তাকালাম। নীল আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, মানুষের স্বপ্ন আসলে কখনো সীমাবদ্ধ থাকে না। একটি ছোট শহরের শান্ত ক্যাম্পাস থেকে শুরু হওয়া এক তরুণের যাত্রা একদিন পৃথিবীর সীমানা পেরিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই গল্পই আজও নীরবে বলে যায় নীল আর্মস্ট্রং হল অব ইঞ্জিনিয়ারিং।

neil

সন্ধ্যার আলো ধীরে ধীরে ক্যাম্পাসজুড়ে নেমে আসছিল। ভবনের কাচঘেরা দেওয়ালে সূর্যাস্তের শেষ আলো প্রতিফলিত হয়ে অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করছিল। ধীরে ধীরে ফিরে আসার সময় মনে হচ্ছিল, এটি শুধু একটি ভবন ভ্রমণের অভিজ্ঞতা নয় বরং মানুষের জ্ঞান, অধ্যবসায়, বিজ্ঞান ও মহাকাশ জয়ের ইতিহাসকে খুব কাছ থেকে অনুভব করার গভীর উপলব্ধি। নীল আর্মস্ট্রংয়ের স্মৃতিবিজড়িত এ স্থাপনা যেন আজও পৃথিবীর তরুণদের একটি কথাই মনে করিয়ে দেয়, মানুষের স্বপ্ন সত্যিই একদিন পৃথিবীর সীমানা অতিক্রম করে মহাকাশ পর্যন্ত পৌঁছে যেতে পারে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow