জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা চায় ডিএসসিসি
রাজধানীর নিউমার্কেট, বুয়েট ও বকশিবাজারসহ বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান এবং প্রধান সড়কসমূহের সংস্কার কাজের জন্য ২১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তিনটি পৃথক প্রকল্পের আওতায় ১১ দশমিক ৮৯ কিলোমিটার মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ এবং ২০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য এই জরুরি অর্থ চাওয়া হয়েছে। গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বরাবর এ বিষয়ে চিঠি দেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. আবদুস সালাম। প্রায় দুই মাস পর গত ২১ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্যের (সচিব) কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত ওই চিঠিতে ‘সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা’ খাতের কোড ২২১০০০৮০০-এর অনুকূলে ২১০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদানের বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর কথা জানানো হয়। ডিএসসিসির চিঠিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নিউমার্কেট, বিজিবি এলাকা, ঢাকেশ্বরী মন্দির, বুয়ে
রাজধানীর নিউমার্কেট, বুয়েট ও বকশিবাজারসহ বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান এবং প্রধান সড়কসমূহের সংস্কার কাজের জন্য ২১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
তিনটি পৃথক প্রকল্পের আওতায় ১১ দশমিক ৮৯ কিলোমিটার মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ এবং ২০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য এই জরুরি অর্থ চাওয়া হয়েছে।
গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বরাবর এ বিষয়ে চিঠি দেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. আবদুস সালাম।
প্রায় দুই মাস পর গত ২১ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্যের (সচিব) কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত ওই চিঠিতে ‘সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা’ খাতের কোড ২২১০০০৮০০-এর অনুকূলে ২১০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদানের বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর কথা জানানো হয়।
ডিএসসিসির চিঠিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নিউমার্কেট, বিজিবি এলাকা, ঢাকেশ্বরী মন্দির, বুয়েট, ঢাকা শিক্ষা বোর্ড ও বকশিবাজার এলাকায় কার্যকর ড্রেনেজ আউটলেট এবং ড্রেনেজ লাইন না থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে সংস্থাটির নিজস্ব অর্থ সঙ্কটের কারণে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। এ কারণে তিনটি প্রকল্প বাস্তবায়নে ২১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে ঢাকা-নিউমার্কেট ও বিজিবি হয়ে নবাবগঞ্জ স্লুইস গেট পর্যন্ত জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ৮ দশমিক ৪৩০ কিলোমিটার মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণে ১২০ কোটি টাকা চাওয়া হয়েছে।
এছাড়া ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা শিক্ষা বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বকশিবাজার ও চকবাজার হয়ে সোয়ারীঘাট পর্যন্ত ৩ দশমিক ৪৬ কিলোমিটার মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণে ৬০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ডিএসসিসি।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের প্রধান সড়ক সংস্কারের জন্য চাওয়া হয়েছে ৩০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় ২০ কিলোমিটার সড়ক সংস্কার করার কথা রয়েছে।
What's Your Reaction?