বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তার সিনেমা মানেই অন্যরকম কিছু। শুধু বক্স অফিসে ঝড় নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন তিনি। কখনো স্বপ্নের গোলকধাঁধা, কখনো সময়ের রহস্য, আবার কখনো মহাকাশের অসীম বিস্তার, সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা। তার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাবৎ দুনিয়ার দর্শক। বড় খবর হলো, আরও একবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন তিনি। ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গণে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসি

বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তার সিনেমা মানেই অন্যরকম কিছু। শুধু বক্স অফিসে ঝড় নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন তিনি।

কখনো স্বপ্নের গোলকধাঁধা, কখনো সময়ের রহস্য, আবার কখনো মহাকাশের অসীম বিস্তার, সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা। তার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাবৎ দুনিয়ার দর্শক। বড় খবর হলো, আরও একবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন তিনি।

১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গণে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস। ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সব বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর।

ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।

‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’র মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা নোলান জানান, ‘দ্য ওডিসি’র আসল বিশেষত্ব এর বিশাল পরিসর। তার কথায়, ‘প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। কিন্তু এই ছবিতে যেন প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।’

নোলান বলেন, ‘দ্য ওডিসি’-ই তার ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। তার মতে, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’-কে সিনেমায় রূপ দেওয়া সহজ ছিল না। বরং তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই ছবি নির্মাণ করতে গিয়ে।

মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ডসহ একাধিক দেশে হয়েছে ছবিটির শুটিং। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে চলেছে পরিকল্পনা।

ছবিতে ওডিসিউসের ছেলে টেলেম্যাকাসের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, মরক্কোতে সেটে পৌঁছে তিনি যেন কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছিলেন। একটি বালিয়াড়ি পেরিয়ে সামনে দেখেন হাজার হাজার শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা এবং বিশাল যুদ্ধের প্রস্তুতি। তার কথায়, ‘মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে পৌঁছে গিয়েছি।’

অন্যদিকে ছবির কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করা ম্যাট ডেমন জানান, হলিউডে দীর্ঘদিন কাজ করলেও এমন আয়োজন আগে খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্যের শুটিংয়ের কথা স্মরণ করে তিনি বলেন, চারদিকে আগুনে জ্বলছে বাড়ি-ঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পী যুদ্ধ করছে, আগুনের মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছেন অভিনেতারা। শট শেষ হওয়ার পর সিনেমাটোগ্রাফার তাকে মনে করিয়ে দেন, এত বিশাল আয়োজন আসলে ছবির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য মাত্র।

প্রযুক্তিগত দিক থেকেও এই ছবি নোলানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ‘দ্য ওডিসি’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নোলান জানান, তার লক্ষ্য, দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া। সবমিলিয়ে সিনেমাটি যে নতুন এক মাইলফলক সৃষ্টি করতে চলেছে তার আভাস স্পষ্ট।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow