বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে ছুটছেন ইশতিয়াক সাদেক

গত মাসেই বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পান ইশতিয়াক সাদেক। এরপর পল্টনের মওলানা ভাসানি হকি স্টেডিয়ামের আবহটাই যেন বদলে গেছে। টার্ফে স্টিক হাতে খেলোয়াড়রা যেমন ব্যস্ত নিজেদের ঝালিয়ে নিতে, তেমনি মাঠের বাইরে হকির কর্মকর্তারা ব্যস্ত তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিতে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রাণ ফিরে পেয়েছে হকি। সেটি আরও বেগবান করতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। তার মতে খেলোয়াড়েরাই খেলাটির মূল সম্পদ। গত ১৮ জুলাই বাংলাদেশ হকি ফেডারেশনে (বাহফে) অ্যাডহক কমিটি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সাধারণ সম্পাদক হয়েই সুখবর পান ইশতিয়াক সাদেক। পরের দিন ওমানে জুনিয়র হকিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দলকে উষ্ণ অভ্যর্থনা জানায় বর্তমান কমিটি। ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দেন নতুন সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই হকি অঙ্গনে ব্যস্ত সময় কাটছে ইশতিয়াক সাদেকের। কোচ, খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রায় পুরোটা সময় থাকেন ফেডারেশনে। আজ ছিল দলের অনুশীলন সেশন এবং অনুশীলন ম্যাচ। এদ

বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে ছুটছেন ইশতিয়াক সাদেক
গত মাসেই বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পান ইশতিয়াক সাদেক। এরপর পল্টনের মওলানা ভাসানি হকি স্টেডিয়ামের আবহটাই যেন বদলে গেছে। টার্ফে স্টিক হাতে খেলোয়াড়রা যেমন ব্যস্ত নিজেদের ঝালিয়ে নিতে, তেমনি মাঠের বাইরে হকির কর্মকর্তারা ব্যস্ত তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিতে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রাণ ফিরে পেয়েছে হকি। সেটি আরও বেগবান করতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। তার মতে খেলোয়াড়েরাই খেলাটির মূল সম্পদ। গত ১৮ জুলাই বাংলাদেশ হকি ফেডারেশনে (বাহফে) অ্যাডহক কমিটি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সাধারণ সম্পাদক হয়েই সুখবর পান ইশতিয়াক সাদেক। পরের দিন ওমানে জুনিয়র হকিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দলকে উষ্ণ অভ্যর্থনা জানায় বর্তমান কমিটি। ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দেন নতুন সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই হকি অঙ্গনে ব্যস্ত সময় কাটছে ইশতিয়াক সাদেকের। কোচ, খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রায় পুরোটা সময় থাকেন ফেডারেশনে। আজ ছিল দলের অনুশীলন সেশন এবং অনুশীলন ম্যাচ। এদিন স্টেডিয়ামে বসে পুরোটা সময় দলের অনুশীলন দেখেন তিনি। এরপর টার্ফে নেমে খেলোয়াড় এবং কোচদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। পরে উপস্থিত মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি, ‘চেষ্টা করছি খেলোয়াড়দের যত ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো যায়। খেলোয়াড়রাই আমাদের মূল সম্পদ। তাই ওদের থাকা-খাওয়া, জিম, প্র্যাকটিস সুবিধা যদি আমরা উন্নত করতে পারি... একটু সময় লাগবে, তবে আমরা চেষ্টা করছি। পুরো কমিটিই চেষ্টা করছে।’ হকির নতুন কমিটি দায়িত্ব নিয়েই দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় দেড় বছরেরও বেশি সময় সুযোগ না পাওয়া রাসেল মাহমুদ জিমিকে দলে ফেরানো, জার্মান কোচ পিটার গেরহার্ডকে নিয়োগ দেওয়া। এছাড়া দল নিয়েও আছে বিস্তর পরিকল্পনা। ইশতিয়াক সাদেক বলেন, ‘আপনারা দেখেছেন আমরা একজন বিদেশী কোচ এনেছি, যিনি বাংলাদেশে আগেও কাজ করেছেন। উনার আগের যে পরিকল্পনা ছিল ইউরোপে, বিশেষ করে জার্মানিতে গিয়ে অন্তত ১৫-২০টি প্রস্তুতি ম্যাচ খেলার, আমি নিশ্চিত এটি দীর্ঘমেয়াদে আমাদের অনেক উপকারে আসবে।’ তার ভাষ্যমতে, ‘শুধু খেলে চলে আসা নয়, আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। যেহেতু দেশে লিগ অনিয়মিত, তাই এখানকার অনেক খেলোয়াড়ই জার্মানি বা ইউরোপের লিগে খেলে। ভবিষ্যতে যেন অন্তত ৪০-৫০ জন খেলোয়াড় নিয়মিত ইউরোপে খেলতে পারে, সেটাও আমাদের পরিকল্পনার অংশ।’ বাংলাদেশের হকিতে লিগ হচ্ছে না, এটি খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় আক্ষেপের গল্প। প্রথম বিভাগ লিগ মাঠে গড়ানো নিয়ে নতুন কমিটি কাজ করছে বলে জানান ইশতিয়াক সাদেক। এরপরই তার একটি কথা বেশ আলোড়ন সৃষ্টি করে। আবেগঘনা কণ্ঠে বলেন, ‘ছোটবেলা থেকেই হকির সঙ্গে আমি। আজকেও এক বন্ধুকে বলছিলাম যে ক্রিকেটের চেয়েও হকি মাঠে আমার আসা-যাওয়া বেশি ছিল। যেমন আজকে হারুন (মাহবুব হারুন) ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আগের দিনের খেলোয়াড় জুম্মন লুসাই, কাঞ্চন (জসিম উদ্দিন), লুলু (জামিল পারভেজ)- সবার খেলা দেখেছি।’ তবে ইশতিয়াক সাদেকের কাঁধে এখন বড় দায়িত্ব। সেটি জানেন তিনি। জানেন বাবা কিংবদন্তি আব্দুস সাদেক হকিকে যেখানে রেখে গেছেন সেটিকে এগিয়ে নিতে হবে। দেশের বরেণ্য এই ক্রীড়াবিদ গত ২০ জুন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এবার হকিকে এগিয়ে নিতে সেরাটা দেবেন বলে জানান ইশতিয়াক সাদেক ‘হকিটা আগে অন্যভাবে উপভোগ করতাম, এখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এটি আমার বাবার একটি অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার প্রয়াস। যতদিন দায়িত্বে আছি, নিজের সেরাটা দিয়ে হকির জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’ হকির সাধারণ সম্পাদক এরপর জানান যে আগামী ৫-৭ দিনের মধ্যে লিগ কমিটি গঠন করা হবে। এছাড়া সেপ্টেম্বর মাসের শুরুর দিকে প্রথম বিভাগ লিগ শুরু করা নিয়ে প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।  এর আগে অনুশীলন ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করেন কোচ পিটার গেরহার্ড। এশিয়ান গেমসের প্রস্তুতিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৮ জন খেলোয়াড়কে ৩টি পৃথক দলে বিভক্ত করে এদিন একটি অভ্যন্তরীণ প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়।  খেলোয়াড়দের কৌশলগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং ম্যাচ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা যাচাই করাই এই ম্যাচের মূল উদ্দেশ্য। ম্যাচ শেষে প্রধান কোচ পিটার গেরহার্ড তার পরিকল্পনা ব্যক্ত করে বলেন, ‘খেলোয়াড়দের বর্তমান অবস্থা এবং মাঠের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য এই অনুশীলন ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী ধাপের জন্য এগুতে পারবো।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow