ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান
বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনায় এবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপান। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে সামুরাই ব্লুরা। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে জাপানকে। সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু নিশ্চিত করেছেন, কুবো এখনো খেলার মতো ফিট নন। মোরিয়াসু বলেন, ‘সে এখনো একা একা দৌড়াচ্ছে এবং ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলছে না। আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, সেও সেটাই চায়।’ গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হয়। ব্রাজিল ম্যাচের আগে আলাদাভাবে অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ফুটবল বিশ্বে তাকেফুস
বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনায় এবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপান। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে সামুরাই ব্লুরা। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে জাপানকে।
সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু নিশ্চিত করেছেন, কুবো এখনো খেলার মতো ফিট নন।
মোরিয়াসু বলেন, ‘সে এখনো একা একা দৌড়াচ্ছে এবং ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলছে না। আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, সেও সেটাই চায়।’
গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হয়। ব্রাজিল ম্যাচের আগে আলাদাভাবে অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
ফুটবল বিশ্বে তাকেফুসা কুবো ‘জাপানের মেসি’ নামে পরিচিত। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠা এই বাঁ-পায়ের ফুটবলারের ড্রিবলিং, দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা, নিচু সেন্টার অব গ্র্যাভিটি এবং আক্রমণ সাজানোর দক্ষতার কারণে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির তুলনা করা হয়।
কুবোর অনুপস্থিতি নিঃসন্দেহে জাপানের জন্য বড় ধাক্কা হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না কোচ মোরিয়াসু। তিনি মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।
মোরিয়াসু বলেন, ‘ব্রাজিল সবসময়ই বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের জেতার সম্ভাবনাই বেশি। অনেকেই আমাদের আন্ডারডগ বলবে। আমরা সেটা জানি এবং সেই মানসিকতা নিয়েই খেলব। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, কিন্তু গত বছরও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি। তবু আমরা জিতেছিলাম। এবারও সুযোগ থাকলে ইতিহাস বদলে দিতে চাই।’
গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচে জয়সূচক গোল করেছিলেন স্ট্রাইকার আয়াসে উয়েদা। এবারও উয়েদাই দলের অন্যতম বড় ভরসা। গ্রুপ পর্বে উয়েদা ও দাইচি কামাদা দুটি করে গোল করে জাপানের সর্বোচ্চ গোলদাতা।
তবে শক্তির বিচারে স্পষ্ট ফেবারিট ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়র চারটি ও ম্যাথিউস কুনহা তিনটি গোল করে দলের আক্রমণভাগকে নেতৃত্ব দিচ্ছেন। তিনটি অ্যাসিস্ট করেছেন ব্রুনো গিমারাইস।
এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন নেইমার। টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট না থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ১৫ মিনিট মাঠে নেমে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলেছেন তিনি। যদিও শুরু থেকেই তাকে একাদশে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, তার দল এখনো শতভাগ ছন্দে পৌঁছাতে পারেনি, তবে প্রতিটি ম্যাচেই উন্নতি করছে।
আনচেলত্তি বলেন, ‘আমরা নিখুঁত নই। বিশেষ করে বল পায়ে আমাদের গতি আরও বাড়াতে হবে। তবে প্রথম ম্যাচের তুলনায় দল অনেক উন্নতি করেছে। এখন নকআউট পর্ব। এখান থেকেই আমাদের আসল মানসিক দৃঢ়তা দেখাতে হবে।’
বিশ্বকাপে টানা তৃতীয় এবং শেষ পাঁচ আসরের মধ্যে চতুর্থবারের মতো নকআউট পর্বে উঠেছে জাপান। তবে ইতিহাস বলছে, এখনো শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি তারা। অন্যদিকে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা ব্রাজিলের সামনে এবার সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে সামুরাই ব্লুরা।
What's Your Reaction?