ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর আধ্যাত্মিক আবহে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বারদী আশ্রমে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তীরোধান উৎসব।
বুধবার (৩ জুন) দেশ-বিদেশ থেকে আসা লাখো ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো বারদী এলাকা।
তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে বিরাজ করছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই ভক্তরা আশ্রমে সমবেত হয়ে পূজা-অর্চনা, প্রার্থনা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আশ্রমের বিভিন্ন স্থাপনা বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে, যা ভক্ত ও দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করেছে।
উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী ভারতসহ বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার লোকনাথ ভক্ত বারদীতে ছুটে এসেছেন। তাদের জন্য আশ্রম কর্তৃপক্ষ তীর্থ নিবাসসহ বিভিন্ন স্থানে আবাসন ও খাবারের বিশেষ ব্যবস্থা করেছে।
তিরোধান উৎসব উপলক্ষে বারদী এলাকায় বসেছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা। মেলায় বিভিন্ন ধরনের লোকজ পণ্য, ধর্মীয় সামগ্রী ও গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ স্থান পেয়েছে। ফলে ধর্মীয় আয়োজনের পাশাপাশি উৎসবটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।
উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, ঊষাকীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ ও রাজভোগ বিতরণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত এবং সন্ধ্যাকালীন কীর্তন। এসব আয়োজনে অংশ নিয়ে ভক্তরা মহাসাধকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং নিজেদের ও পরিবারের কল্যাণ কামনা করছেন।
উৎসবকে কেন্দ্র করে গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার আশ্রম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
তিনি বলেন, উৎসবস্থলে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয় শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মেঘনা নদীতে নৌ-পুলিশের টহল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে বলেন, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসা ভক্তরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে আশ্রম কর্তৃপক্ষ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, উৎসবস্থলে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয় শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মেঘনা নদীতে নৌ-পুলিশের টহল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ১৭৩০ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী। দীর্ঘ সাধনা, ত্যাগ ও মানবসেবার মাধ্যমে তিনি আধ্যাত্মিক জগতে বিশেষ মর্যাদা লাভ করেন। জীবনের শেষ ২৬ বছর তিনি সোনারগাঁয়ের বারদীতে অবস্থান করেন। বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমেই তার মহাপ্রয়াণ ঘটে। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ১৯ জ্যৈষ্ঠ পালিত হয় তার তীরোধান উৎসব।
ভক্তদের বিশ্বাস, মানবতা, প্রেম ও সেবার যে বাণী লোকনাথ ব্রহ্মচারী রেখে গেছেন, তা আজও মানুষকে আলোকিত পথের সন্ধান দেয়। আর সেই বিশ্বাসের টানেই প্রতি বছর লাখো ভক্ত সমবেত হন বারদীর এই পবিত্র তীর্থভূমিতে।