মেসিকে থামাতে ‘ম্যান মার্কিং’ কৌশলের ইঙ্গিত টুখেলের
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ মানেই কোটি ফুটবলভক্তের চোখ এক ব্যক্তির দিকেই — লিওনেল মেসি। চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ককে থামানোই ইংল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ইংল্যান্ড কোচ থমাস টুখেল এমন একটি কৌশলের কথা ভাবছেন, যা আধুনিক ফুটবলে খুব একটা দেখা যায় না। মেসিকে সারাক্ষণ একজন খেলোয়াড় দিয়ে অনুসরণ করানোর ‘ওল্ড-স্কুল’ ম্যান-মার্কিং কৌশলও তার ভাবনায় রয়েছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে টুখেল জানান, মেসিকে থামাতে পুরোনো ধাঁচের এই কৌশল তার মাথায় এসেছিল। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে ভেবেছি। মেসির জন্য যদি পুরোনো ধাঁচের ম্যান-মার্কিং করি। এখনও নিশ্চিত নই আমরা সেটা করবো কি না, তবে বিষয়টি অবশ্যই আমার মাথায় এসেছে।’ মেসির অসাধারণ খেলার বুদ্ধিমত্তারও প্রশংসা করেন ইংল্যান্ড কোচ, ‘সবাই জানে সে কোন জায়গাগুলোতে যেতে পছন্দ করে। কিন্তু ম্যাচ বিশ্লেষণ করলে মনে হয়, মাঠের অন্য সবার চেয়ে সে অনেক আগেই পরিস্থিতি বুঝে ফেলে।’ ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার ১৭ গোলের মধ্যে ৮টিই করেছেন মেসি, যা ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভ
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ মানেই কোটি ফুটবলভক্তের চোখ এক ব্যক্তির দিকেই — লিওনেল মেসি। চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ককে থামানোই ইংল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ইংল্যান্ড কোচ থমাস টুখেল এমন একটি কৌশলের কথা ভাবছেন, যা আধুনিক ফুটবলে খুব একটা দেখা যায় না। মেসিকে সারাক্ষণ একজন খেলোয়াড় দিয়ে অনুসরণ করানোর ‘ওল্ড-স্কুল’ ম্যান-মার্কিং কৌশলও তার ভাবনায় রয়েছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে টুখেল জানান, মেসিকে থামাতে পুরোনো ধাঁচের এই কৌশল তার মাথায় এসেছিল। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে ভেবেছি। মেসির জন্য যদি পুরোনো ধাঁচের ম্যান-মার্কিং করি। এখনও নিশ্চিত নই আমরা সেটা করবো কি না, তবে বিষয়টি অবশ্যই আমার মাথায় এসেছে।’
মেসির অসাধারণ খেলার বুদ্ধিমত্তারও প্রশংসা করেন ইংল্যান্ড কোচ, ‘সবাই জানে সে কোন জায়গাগুলোতে যেতে পছন্দ করে। কিন্তু ম্যাচ বিশ্লেষণ করলে মনে হয়, মাঠের অন্য সবার চেয়ে সে অনেক আগেই পরিস্থিতি বুঝে ফেলে।’
২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার ১৭ গোলের মধ্যে ৮টিই করেছেন মেসি, যা ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি।
টুখেল মনে করেন, মেসিকে থামানো কখনোই সহজ নয়। তার ভাষায়, ‘বলটা যেন ঠিকই তার কাছে পৌঁছে যায়। সে ফাঁকা জায়গা খুঁজে নেয়, নিজের বাঁ পায়ের জন্য জায়গা তৈরি করে এবং সর্বোচ্চ মানের সিদ্ধান্ত কার্যকর করে।’
আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কাজ করার কথা জানিয়ে টুখেল বলেন, ‘অবশ্যই আমরা তাদের খেলার কিছু প্যাটার্ন খুঁজে পেয়েছি। কিন্তু সমস্যা হলো, আপনি যদি একটি পথ বন্ধ করে দেন, মেসি সঙ্গে সঙ্গে আরেকটি পথ খুঁজে নেয় কিংবা নিজেই নতুন পথ তৈরি করে। এটাই তার সবচেয়ে বড় শক্তি।’
মেসির বিপক্ষে খেলার সুযোগকে বিশেষ অভিজ্ঞতা হিসেবেও দেখছেন ইংল্যান্ড কোচ, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা বিশেষ ব্যাপার। লিও মেসি এবং তার দলের বিপক্ষে খেলা বিশেষ ব্যাপার। ইংল্যান্ডের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে নামাটাও বিশেষ। সবদিক থেকেই এটি একটি বড় ম্যাচ।’
উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ মুখোমুখি লড়াই। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এর চেয়ে বেশি ম্যাচ খেলেছে শুধু জার্মানি (৭) এবং সমান সংখ্যক ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস (৬)। এবার সেই ঐতিহাসিক দ্বৈরথে মেসিকে থামাতে টুখেল শেষ পর্যন্ত কোন কৌশল বেছে নেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
আরআর/আইএন
What's Your Reaction?