যমুনার তীরে নতুন বন্দর

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনা নদীর তীরে নতুন অভ্যন্তরীণ নদীবন্দর প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বগুড়ার সারিয়াকান্দি নদীবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে নদীবন্দরের সীমানা নির্ধারণ করেছে।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর সীমানা সদর ইউনিয়নের কালিতলা ঘাটের উত্তরে হাটশেরপুর ইউনিয়নের খুদ্দ বলাইল মৌজার দিঘাপাড়া ঘাট সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত এবং পূর্ব দিকে যমুনা নদীর ওপারে কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া মৌজার জামথল ঘাট পর্যন্ত এ বন্দরের সীমানা নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ সীমানা নির্ধারণ করা হয়েছে কর্ণিবাড়ি ইউনিয়নের চরকুমারপাড়া মৌজার মথুরাপাড়া ঘাট পর্যন্ত এবং যমুনার পূর্ব তীরে একই ইউনিয়নের নারাপালা মৌজার মূলবাড়ি এলাকা পর্যন্ত। এছাড়া নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ সর্বোচ্চ পানির সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দরের সীমানার অন্তর্ভুক্ত থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দিঘাপাড়া, কালিতলা, মথুরাপাড়া (দেবডাঙ্গা), জামথ

যমুনার তীরে নতুন বন্দর

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনা নদীর তীরে নতুন অভ্যন্তরীণ নদীবন্দর প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বগুড়ার সারিয়াকান্দি নদীবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে নদীবন্দরের সীমানা নির্ধারণ করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর সীমানা সদর ইউনিয়নের কালিতলা ঘাটের উত্তরে হাটশেরপুর ইউনিয়নের খুদ্দ বলাইল মৌজার দিঘাপাড়া ঘাট সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত এবং পূর্ব দিকে যমুনা নদীর ওপারে কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া মৌজার জামথল ঘাট পর্যন্ত এ বন্দরের সীমানা নির্ধারণ করা হয়েছে।

দক্ষিণ সীমানা নির্ধারণ করা হয়েছে কর্ণিবাড়ি ইউনিয়নের চরকুমারপাড়া মৌজার মথুরাপাড়া ঘাট পর্যন্ত এবং যমুনার পূর্ব তীরে একই ইউনিয়নের নারাপালা মৌজার মূলবাড়ি এলাকা পর্যন্ত।

এছাড়া নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ সর্বোচ্চ পানির সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দরের সীমানার অন্তর্ভুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দিঘাপাড়া, কালিতলা, মথুরাপাড়া (দেবডাঙ্গা), জামথল ও শোনপচা ঘাটসহ গেজেটভুক্ত সব খাল ও নৌঘাট সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় থাকবে। ভবিষ্যতে নৌপথ উন্নয়ন, জেটি নির্মাণ, যাত্রীসেবা সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রয়োজনে বন্দরের নির্ধারিত এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সরকার বিআইডব্লিউটিএকে সারিয়াকান্দি নদীবন্দরের সংরক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছে।

অন্যদিকে, ধুনট নদী বন্দরের উত্তর সীমানা শুরু হয়েছে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট এলাকা থেকে এবং দক্ষিণ সীমানা নির্ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকুরিয়া হাটসংলগ্ন যমুনা নদী হয়ে বগুড়ার ধুনট উপজেলার ভাতরবাড়ি ইউনিয়নের চৌবার মৌজার বেশাঘীর চর পর্যন্ত।

স্থানীয়দের প্রত্যাশা, নদীবন্দর চালুর ফলে সারিয়াকান্দিতে নৌযোগাযোগ আরও উন্নত হবে। কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি যাত্রী চলাচল, বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

নদীবন্দর ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ব্যবসায়ী, নৌযান চালক এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।

ধুনট উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘ধুনট ও সারিকান্দিকে নদীবন্দর ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এই বন্দর দুটি চালু হলে চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে। বিশেষ করে নৌপথে পণ্য ও যাত্রী পরিবহন অনেক সহজ এবং সাশ্রয়ী হবে। এই ঐতিহাসিক উদ্যোগের জন্য আমরা বগুড়ার ধুনট-শেরপুর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও সোনাতলা-সারিয়াকান্দি আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘সরকারিভাবে জারি করা প্রজ্ঞাপনটি হাতে পাওয়া গেছে। তবে বন্দর সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএকে। তারা কত দিনের মধ্যে এর কার্যক্রম শুরু করবেন, সে সম্পর্কে অফিশিয়াল কোনো কাগজপত্র পাওয়া যায়নি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow