রাণীশংকৈলের নারী ফুটবলাররা পেলেন নতুন জার্সি ও বল
মাঠজুড়ে তখন ফুটবলের উন্মাদনা। স্বপ্নকে পায়ে জড়িয়ে ছুটে চলা রাণীশংকৈলের একদল নারী ফুটবলারের হাতে উঠল নতুন জার্সি ও ফুটবল। খেলাধুলার সরঞ্জাম পেয়ে তাদের চোখেমুখে ফুটে উঠল আনন্দ আর আরও ভালো করার প্রত্যয়। নারী ফুটবলারদের এই স্বপ্নযাত্রায় পাশে দাঁড়িয়েছে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জঙ্গলবিলাস ফুটবল মাঠে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় তিনি রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা নারী খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নারীদের খেলাধুলায় অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়েও কথা বলেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভুল ব্যাখ্যার মাধ্যমে নারীদের স্বাধীন
মাঠজুড়ে তখন ফুটবলের উন্মাদনা। স্বপ্নকে পায়ে জড়িয়ে ছুটে চলা রাণীশংকৈলের একদল নারী ফুটবলারের হাতে উঠল নতুন জার্সি ও ফুটবল। খেলাধুলার সরঞ্জাম পেয়ে তাদের চোখেমুখে ফুটে উঠল আনন্দ আর আরও ভালো করার প্রত্যয়। নারী ফুটবলারদের এই স্বপ্নযাত্রায় পাশে দাঁড়িয়েছে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জঙ্গলবিলাস ফুটবল মাঠে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এ সময় তিনি রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা নারী খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নারীদের খেলাধুলায় অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়েও কথা বলেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভুল ব্যাখ্যার মাধ্যমে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করছে। বিপরীতে আরেকটি দলের প্রধান মাঠে গিয়ে নারী খেলোয়াড়দের খেলা দেখে তাদের উৎসাহিত করছেন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছেন। তিনি আরও বলেন, রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের জন্য স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নেবে। পাশাপাশি স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের সমাধানেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, স্থানীয় এমপির প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জমিরুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।উপহারসামগ্রী পেয়ে নারী ফুটবলাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মাঠ ও ক্রীড়া সরঞ্জামের সুযোগ-সুবিধা নিশ্চিত হলে রাঙ্গাটুঙ্গী থেকে আরও অনেক প্রতিভাবান নারী ফুটবলার জাতীয় পর্যায়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন।
What's Your Reaction?