ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল)-এর উদ্যোগে আয়োজিত হয়েছে ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার (২ জুলাই) ক্লাবের ফাদার পেইশোটো ব্যাংকুয়েট হলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।
ক্লাবের ৫৭ জন সদস্যের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা ৯-বল পুল এবং ১০-রেড বল স্নুকার—দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। ৯-বল পুল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফাহিম ফিরোজ (ব্যাচ ২০০২)। রানারআপ হয়েছেন তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২) এবং তৃতীয় স্থান অর্জন করেন ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫)। এ বিভাগে ‘সেরা উদীয়মান খেলোয়াড় ২০২৬’ নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান (ব্যাচ ১৯৯৫)।
অন্যদিকে ১০-রেড বল স্নুকার বিভাগে শিরোপা জিতেছেন তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২)। দ্বিতীয় হয়েছেন ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫) এবং তৃতীয় স্থান অর্জন করেছেন আশওয়ার হোসেন (ব্যাচ ১৯৯৮)। এ বিভাগের ‘সেরা উদীয়মান খেলোয়াড় ২০২৬’ নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল হক (ব্যাচ ১৯৯৪)।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ‘এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের চমৎকার সুযোগ তৈরি করে।’
ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএনবিএলের কার্যনির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সদস্য আবু সালেহ মো. সায়েম। এ সময় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রতিযোগী খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য কনকর্ড গ্রুপ, এলিট হাই-টেক ইন্ডাস্ট্রিজ, নটরডেম ’৯১ ব্যাচ, ট্রিপনেস্ট, ট্রাভেল আর্কিটেক্ট, ফ্যান্টাসি কিংডম, ফয়েজ লেক কনকর্ড, গ্র্যাবগো, একমি, ফিরোজ স্কিন কেয়ার, টার্কিশ আদানা কাবাবসহ সব স্পন্সর প্রতিষ্ঠান এবং ক্লাবের বিশিষ্ট সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সিএনবিএল।