স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমর উপ-মহাপরিচালকের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইওএমের উপ-মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ অগ্রাধিকারমূলক ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার রোধ, অভিবাসন গভর্নেন্স, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা দীর্ঘ দুই দশক ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। আগামী দিনে বিদ্যমান এ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুসংহত ও সুদূরপ্রসারী হবে। আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সঙ্গে আইওএমের দীর্ঘদিনের টেকসই অংশীদারত্বের প্রশংসা করেন। তিনি জানান, আইওএম নির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমর উপ-মহাপরিচালকের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইওএমের উপ-মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ অগ্রাধিকারমূলক ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার রোধ, অভিবাসন গভর্নেন্স, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা দীর্ঘ দুই দশক ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। আগামী দিনে বিদ্যমান এ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুসংহত ও সুদূরপ্রসারী হবে।

আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সঙ্গে আইওএমের দীর্ঘদিনের টেকসই অংশীদারত্বের প্রশংসা করেন।

তিনি জানান, আইওএম নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত। তিনি মানবপাচার রুখতে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, মানবপাচার জঘন্যতম অপরাধ। বেশিরভাগ মানুষ লোভ, অজ্ঞতা ও অসচেতনতার কারণে এর শিকার হয়।

তিনি বলেন, মানবপাচার রোধে আমরা সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছি। এর ফলে সীমান্ত অপরাধ ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদার হবে।

সালাহউদ্দিন আহমদ আইওএমর কাছে পাচারকারী চক্রের তালিকা আছে কি না জানতে চাইলে সংস্থাটির ডিডিজি জানান, আমরা নিশ্চিতভাবে পাচারকারী চক্রকে শনাক্ত করতে সহায়তা করতে পারি। আমাদের ও ইন্টারপোলের নিকট মানব পাচারের ট্রেন্ড বা প্রবণতা সম্পর্কিত ডাটা রয়েছে যা আমরা শেয়ার করে থাকি।

জানা গেছে, বাংলাদেশে পাঁচ দিনের (১-৫ আগস্ট) সরকারি সফরের অংশ হিসেবে আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশে আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডেসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow