ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চিফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত দাবির প্রেক্ষিতে সংসদ নেতা এ প্রতিশ্রুতি দেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের জন্য যে ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল, তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। ওই ডিলাররা সার উত্তোলন করছেন না এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন, সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব—সেই ডিলারদের বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ দেওয়ার জন্য, যাতে ফ্যাসিস্টরা বিচ্ছিন্ন হয় এবং কৃষকরা ন্যায্যমূল্যে সার পায়।
এ সময় সংসদ সদস্যরা টেবিলে চাপড় দিয়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।
জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, পুরো সংসদ বিষয়টিকে স্বাগত জানিয়েছে। সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবে।
অর্থপাচার ও দুর্নীতির শ্বেতপত্র
এদিকে, ফ্যাসিস্ট আমলের অর্থপাচার ও দুর্নীতির পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারদলীয় সংসদ সদস্য (মুন্সিগঞ্জ-৩) কামরুজ্জামানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী আমলে সংঘটিত অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ এবং এতে চিহ্নিত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারে গুরুত্বসহকারে উল্লেখ রয়েছে।
তিনি আরও জানান, অর্থ পাচারের গন্তব্য দেশগুলোর মধ্যে প্রাথমিকভাবে চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১০টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি মিলেছে। বাকি সাতটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এমওএস/এসএইচএস