নিষেধাজ্ঞা অমান্য করে এখনো যাত্রী নিয়েই ফেরিতে উঠছে বাস

• ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে ২৬ জন নিহত• বাসডুবির এক মাস পরও ঝুঁকিপূর্ণ পারাপার অব্যাহত• নৌমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে যাত্রীসহ বাস উঠছে ফেরিতে• ফেরিঘাটে তদারকির ঘাটতি, দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতি নেই• পন্টুনে এখনো স্থাপন হয়নি নিরাপত্তা ব্যারিয়ার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। দৌলতদিয়া-পাটুরিয়ায় এখনো ঝুঁকি নিয়েই যাত্রীসহ বাস উঠছে ফেরিতে। যাত্রী কিংবা চালক—কারও মধ্যেই নেই ন্যূনতম সচেতনতা। মানা হচ্ছে না নৌপরিবহনমন্ত্রীর নির্দেশনা। ভয়াবহ দুর্ঘটনার তিন দিন পর, গত ২৯ মার্চ নৌদুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় ফেরিতে গাড়ি ওঠানোর আগে শতভাগ যাত্রী নামানো এবং পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপনের নির্দেশ দেন তিনি। মন্ত্রীর এই ঘোষণার এক মাস হলেও বাস্তবে দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের চিত্র ভিন্ন। গত ২৫ মার্চ বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়, ছবি: সংগৃহীত গত ২৫ এপ্রিল পাটুরিয়া ফেরিঘাটে সরেজমিন

নিষেধাজ্ঞা অমান্য করে এখনো যাত্রী নিয়েই ফেরিতে উঠছে বাস

২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে ২৬ জন নিহত
• বাসডুবির এক মাস পরও ঝুঁকিপূর্ণ পারাপার অব্যাহত
• নৌমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে যাত্রীসহ বাস উঠছে ফেরিতে
• ফেরিঘাটে তদারকির ঘাটতি, দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতি নেই
• পন্টুনে এখনো স্থাপন হয়নি নিরাপত্তা ব্যারিয়ার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। দৌলতদিয়া-পাটুরিয়ায় এখনো ঝুঁকি নিয়েই যাত্রীসহ বাস উঠছে ফেরিতে। যাত্রী কিংবা চালক—কারও মধ্যেই নেই ন্যূনতম সচেতনতা। মানা হচ্ছে না নৌপরিবহনমন্ত্রীর নির্দেশনা।

ভয়াবহ দুর্ঘটনার তিন দিন পর, গত ২৯ মার্চ নৌদুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় ফেরিতে গাড়ি ওঠানোর আগে শতভাগ যাত্রী নামানো এবং পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপনের নির্দেশ দেন তিনি। মন্ত্রীর এই ঘোষণার এক মাস হলেও বাস্তবে দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের চিত্র ভিন্ন।

দুর্ঘটনার পরও যাত্রী না নামিয়েই ফেরিতে উঠছে বাসগত ২৫ মার্চ বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়, ছবি: সংগৃহীত

গত ২৫ এপ্রিল পাটুরিয়া ফেরিঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘাটে আসা প্রায় প্রতিটি বাসই যাত্রী না নামিয়ে ঝুঁকি নিয়েই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। নিষেধাজ্ঞা মানছেন না বাসের চালক ও সুপারভাইজাররা। যাদের নজরদারি করার কথা, জাগো নিউজের দীর্ঘ অনুসন্ধানে ৩ ও ৪ নম্বর ঘাটে তাদের কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেতেই প্রতিটি ঘাটে দায়িত্বরতরা সতর্ক হয়ে যান এবং বাসগুলো থেকে যাত্রী নামাতে শুরু করেন।

আরও পড়ুন
যে কারণে ফেরিতে গাড়ি ওঠানোর সময় যাত্রী নামানো জরুরি
চালকের ভুলে বাস পন্টুন থেকে নদীতে পড়েছে, দাবি সৌহার্দ্যের আরেক চালকের
বাসডুবির ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে: নৌমন্ত্রী
টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ

বাসে থাকা যাত্রীদের অভিযোগ, ফেরিতে ওঠার আগে যাত্রী নামানোর কথা থাকলেও তা মানছেন না চালক ও সুপারভাইজাররা। যাত্রীদের নামার নির্দেশনা তো দূরের কথা, তাদের নামার জন্য কোনো ব্রেকও করছেন না চালকরা।

রাবেয়া পরিবহনের যাত্রী শামীম বলেন, ‘বাসডুবির ঘটনার পর শুনেছি ফেরিতে ওঠার সময় যাত্রী নামানোর নিয়ম করা হয়েছে। এ ঘটনার পর প্রথমবার রাজবাড়ী যাচ্ছি ফেরি পারাপারে। তবে ফেরিতে ওঠার আগে বাসের সুপারভাইজার বা চালক কেউ নামতে বলেননি এবং নামার জন্য বাস থামাননি। ঝুঁকি নিয়েই যাত্রীসহ ফেরিতে উঠেছে বাসটি।’

যাত্রী না নামিয়েই ফেরিতে উঠছে বাস, মানা হচ্ছে না নিয়মযাত্রীদের না নামিয়েই ফেরিতে উঠছে বাস, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে তোলা, ছবি: জাগো নিউজ

জেসমিন নামের অন্য এক যাত্রী বলেন, ‘কয়েকদিন আগে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তা দেখে বাসে বসে ফেরিতে ওঠার সময় খুব ভয় করছিল। তবে বাসের কেউ নামতে বলেননি। আমাদেরও ভুল হয়েছে। বাসের ড্রাইভারকে ব্রেক করতে বলা উচিত ছিল। তবে পরে ঘাটে এলে অবশ্যই বাস থেকে নেমে যাবো।’

ফেরিতে ওঠা অধিকাংশ বাসের যাত্রীদের অভিযোগ, ফেরিতে ওঠার আগে বাসের চালক ও সুপারভাইজাররা বাস থেকে নামার নির্দেশনা দিচ্ছেন না। ঘাটে তদারকির অভাবে বাসগুলো নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রীসহ ফেরিতে উঠে যাচ্ছে।

যাত্রী না নামিয়েই ফেরিতে উঠছে বাস, মানা হচ্ছে না নিয়মযাত্রীদের না নামিয়েই ফেরিতে উঠেছে বাস, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে তোলা, ছবি: জাগো নিউজ

তবে বাসচালকরা উল্টো দোষ দিচ্ছেন ঘাট কর্তৃপক্ষ ও যাত্রীদের ওপর। হানিফ পরিবহনের বাসচালক রেজা জানান, কোম্পানি থেকে যাত্রী নামানোর কথা বলা হয়েছে। মাঝেমধ্যে যাত্রী নামিয়ে ফেরিতে বাস নিয়ে ওঠা হয়। এখন অনেক গরম ও রোদ থাকায় কোনো যাত্রী নামতে চান না। বাস থেকে নামতে বললে উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’

রেজা বলেন, ঘাটে যদি নির্দিষ্ট লোক থাকত, তারা যাত্রীদের নামিয়ে দিত—তাহলে বেশি সুবিধা হতো।

আরও পড়ুন
যে কারণে ফেরিতে গাড়ি ওঠানোর সময় যাত্রী নামানো জরুরি
চালকের ভুলে বাস পন্টুন থেকে নদীতে পড়েছে, দাবি সৌহার্দ্যের আরেক চালকের
বাসডুবির ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে: নৌমন্ত্রী
টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ

রয়েল এক্সপ্রেসের সুপারভাইজার মইন বলেন, ‘যাত্রীসহ ফেরিতে বাস ওঠানো আমাদের ভুল হয়েছে। সরকারি নির্দেশনা মানা প্রয়োজন ছিল। অনেক সময় অসুস্থ যাত্রী থাকেন, তারা নামতে চান না। এছাড়া বাইরে অনেক গরম, তাই যাত্রীরা রোদে কষ্ট করতে চান না।’ তবে পরে নিয়ম মেনে যাত্রী নামিয়ে বাস ফেরিতে ওঠানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, দুর্ঘটনা এড়াতে পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপনে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও দীর্ঘ এক মাসে তা বাস্তবায়ন হয়নি। পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ারের জন্য কিছু সরঞ্জাম পড়ে থাকলেও এখনো শুরু হয়নি নির্মাণকাজ।

যাত্রী না নামিয়েই ফেরিতে উঠছে বাস, মানা হচ্ছে না নিয়মমানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ারের জন্য আনা সরঞ্জাম এখনো স্থাপন করা হয়নি, ছবি: জাগো নিউজ

একই চিত্র দেখা গেছে দৌলতদিয়া ফেরিঘাটেও। সেখানেও ঘাটে আসা বাসগুলো যাত্রী না নামিয়েই ফেরি উঠছে। 

যাত্রী নিয়ে ফেরিতে বাস ওঠার বিষয়টি অস্বীকার করে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। ঘাটের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের দাবি, সরকারি নিয়ম মেনেই প্রতিটি বাস ফেরিতে উঠছে। তবে অনেক সময় ডিউটির শিফট পরিবর্তনের সময়ে অগোচরে হয়তো কিছু বাস যাত্রী নিয়েই ফেরিতে উঠছে। যাত্রী নিয়ে বাস যাতে ফেরিতে না উঠতে পারে, সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ে পন্টুনের নিরাপত্তা ব্যারিয়ার প্রস্তুত করা হবে বলে জানান তিনি।

দুর্ঘটনার পরও যাত্রী না নামিয়েই ফেরিতে উঠছে বাসদৌলতদিয়া ফেরিঘাটে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপন করা হয়েছে, ছবি: জাগো নিউজ

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়েই ফেরিতে বাস ওঠা প্রসঙ্গে দৌলতদিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জাগো নিউজকে বলেন, আগে থেকেই নিয়ম রয়েছে যাত্রী নামিয়ে ফেরিতে উঠবে বাস। তবে বাসডুবির ঘটনার পর মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ফেরিতে বাস ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। অনেক বাস ফাঁকি দিয়ে ওঠার চেষ্টা করছে। এক্ষেত্রে যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের নির্দেশে সম্প্রতি দৌলতদিয়ার ৩, ৪ ও ৭ নম্বর ঘাটে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
পন্টুনের নিচে চলে যাওয়ায় ভাঙা যাচ্ছে না বাসের দরজা-জানালা
পদ্মায় বাসডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল
নিহত ২৬ জনের পরিচয় মিলেছে, ১৮ জনই রাজবাড়ীর
কুমারখালী থেকে ওঠা আটজনের পরিচয় মিলেছে, নিখোঁজ ৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে চলাচলকারীরা বলছেন, ফেরি কর্তৃপক্ষের কঠোর নজরদারির অভাবেই যাত্রী নিয়ে ফেরিতে উঠছে বাস। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতনতাই পারে ফেরিঘাটের দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে।

গত ২৫ মার্চ বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় নারী-শিশুসহ ২৬ জনের মরদেহ ও আটজনকে জীবিত উদ্ধার করা হয়।

এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow