প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

প্রবাসীদের ফাঁকা বাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সিলেট জেলা প্রশাসন। প্রবাসীরা চাইলে তাদের বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হবে। বুধবার (২২ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদেশে বসবাস করেন। তাদের অনেক বাড়িঘর বছরের পর বছর ফাঁকা থাকে। এসব বাড়ি ও সম্পত্তি দখল, চুরি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ প্রায়ই সামনে আসে। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়েই জেলা প্রশাসন আনসার সদস্যের মাধ্যমে বাড়ি পাহারার উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, উদ্যোগটি বাস্তবায়নের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এ

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

প্রবাসীদের ফাঁকা বাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সিলেট জেলা প্রশাসন। প্রবাসীরা চাইলে তাদের বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বুধবার (২২ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদেশে বসবাস করেন। তাদের অনেক বাড়িঘর বছরের পর বছর ফাঁকা থাকে। এসব বাড়ি ও সম্পত্তি দখল, চুরি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ প্রায়ই সামনে আসে। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়েই জেলা প্রশাসন আনসার সদস্যের মাধ্যমে বাড়ি পাহারার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, উদ্যোগটি বাস্তবায়নের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করা হবে।

সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসক বলেন, সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। অধিকাংশ এলাকায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া এবং সাদিপুর ইউনিয়নের গজিয়া এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা প্রয়োজনীয় আবেদন করলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার জানান, জেলা প্রশাসকের নির্দেশনা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে বুধবার সকালে নবাগত জেলা প্রশাসককে ওসমানীনগর উপজেলা পরিষদ কার্যালয়ে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের মাধ্যমে ওসমানীনগর সফর শুরু করেন তিনি।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ এবং উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক। এছাড়া তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলা ভূমি অফিস, তাজপুর ইউনিয়ন ভূমি অফিস ও ওসমানীনগরের এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow