ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ পর্যবেক্ষককে অব্যাহতি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ১১ জন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত অফিস আদেশে আরও ১১ জন কক্ষ পর্যবেক্ষককে চলতি এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং পুনরায় পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়। ঘটনার পরে কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের শিউলী আক্তার, সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না, পঞ্চমী
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ১১ জন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত অফিস আদেশে আরও ১১ জন কক্ষ পর্যবেক্ষককে চলতি এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং পুনরায় পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়। ঘটনার পরে কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের শিউলী আক্তার, সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না, পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের মনোয়ারা বেগম, রওনক আরা বেগম ও আনিসুর রহমান, মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের ছানোয়ার বেগম, জামপুর মাঝেরচর উচ্চবিদ্যালয়ের আব্দুল হামিদ, সোনারগাঁ আইডিয়াল স্কুলের সুমাইয়া আক্তার, ছায়েদা খাতুন ইসলামিক দাখিল মাদ্রাসার মোশারফ হোসেন, আলী আকবর হাই স্কুল অ্যান্ড কলেজের বদরুন নাহার ইভা এবং সাদিপুর উচ্চবিদ্যালয়ের মনিরুজ্জামান।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত পৃথক চিঠিতে কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও আসিফ আল জিনাত বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন কেন্দ্রসচিব নিয়োগ দেওয়া হয়েছে এবং শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?