বগুড়ায় পুলিশ পরিচয়ে মুখোশ পরে রিসোর্টে ডাকাতির অভিযোগ
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী দুর্বৃত্তরা গভীর রাতে রিসোর্টে ঢুকে চারজনকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানায় দায়ের করা অভিযোগে রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী জানান, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিসোর্টের প্রধান ফটকে এসে বলেন, ‘ভেতরে আসামি আছে, গেট খুলুন।’ তাদের হাতে ওয়াকিটকিও ছিল। অভিযোগে বলা হয়, গেট খুলতেই রাতের নিরাপত্তাকর্মী ফেরদৌস মিয়াকে মারধর করা হয়। পরে তাকে অন্য প্রহরী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ফেরদৌস মিয়া, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা রিসোর
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী দুর্বৃত্তরা গভীর রাতে রিসোর্টে ঢুকে চারজনকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানায় দায়ের করা অভিযোগে রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী জানান, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিসোর্টের প্রধান ফটকে এসে বলেন, ‘ভেতরে আসামি আছে, গেট খুলুন।’ তাদের হাতে ওয়াকিটকিও ছিল।
অভিযোগে বলা হয়, গেট খুলতেই রাতের নিরাপত্তাকর্মী ফেরদৌস মিয়াকে মারধর করা হয়। পরে তাকে অন্য প্রহরী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ফেরদৌস মিয়া, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা।
এরপর তারা রিসোর্ট থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, একটি ১২ ভোল্টের বড় ব্যাটারি, দুই প্রহরীর দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং বিদ্যুতের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার ও কেবল খুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের বাইরে রাখা একটি পিকআপ ভ্যানে করে লুট করা মালামাল নিয়ে তারা পালিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা ধরে এ লুটপাট চলে।
মানস মিস্ত্রী জানান, ঘটনার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পরে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘গ্রিন গার্ডেন রিসোর্টে মালামাল চুরির একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
What's Your Reaction?